২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পটকা মাছ খেয়ে তিন জনের মৃত্যু

বিষাক্ত পটকামাছ খেয়ে সোমবার রাতে রাজধানীর তেজকুনিপাড়ার এক বস্তিতে শিশু দুইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা ,জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষাক্ত পটকামাছ খেয়ে সোমবার রাতে রাজধানীর তেজকুনিপাড়ার এক বস্তিতে শিশু দুইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছে বস্তিবাসী লুৎফর রহমানের দুই শিশু কন্যা লতিমন (৩) ও লতিফা (১১) এবং লুৎফরের মামা আব্দুল জলিল (৬০)। তেজগাঁও থানার উপপরিদর্শক সুব্রত কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেজকুনি পাড়ার পাইন্না বস্তিতে এই ঘটনা ঘটেছে। তবে তারা ঠিক কি কারণে মারা গেছে এব্যাপারে ময়না তদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবেনা বলে তিনি উল্লেখ করেন। লুৎফর রহমানের ভগ্নিপতি মনির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার সকালে ডাস্টবিনে পাওয়া পটকা মাছ রাতে রান্না করার পর লুৎফর রহমান,তার স্ত্রী, চার সন্তান, ভায়েরার এক পুত্র সন্তান এবং মামা আব্দুল জলিল খায়। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে পটকা মাছ দিয়ে ভাত খাওয়ার ঘন্টাদুয়েক পর তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি বমি ভাব,মাথা ঘুরতে থাকে ও জিহবা ভারি হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে লুৎফর রহমানের দু'কন্যা শিশু লতিমন ও লতিফা এবং আব্দুল জলিলকে ডাক্তার মৃত বলে জানায়। লুৎফর রহমান (৩৫),তার স্ত্রী শাহনাজ বেগম (২৮), তাদের অন্য দু'পুত্র সন্তান শাহ আলম (৯) এবং শাহিন (৪), ভায়রা সহিদুল হকের পুত্র ওমর ফারুক (৩) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহনাজ বেগমের অবস্থা আশঙ্কাজনক। মনির হোসেন জানান, ডাস্টবিন থেকে পরিত্যক্ত জিনিষ সংগ্রহের পর বিক্রি করাই লুৎফর হোসেন এবং আব্দুল জলিলের পেশা। আর এই পরিত্যক্ত জিনিষ সংগ্রহ করতে গিয়েই আব্দুল জলিল পলিথিনের ব্যাগে পটকা মাছ পেয়ে তা লুৎফর রহমানকে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৫২৫ঘ.