ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটকল বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয় বরং সমস্যার শুরু বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তার বক্তব্য, দেশে একের পর এক পাটকল কেন বন্ধ হলো জানা দরকার। সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া সাতটি পাটকল চালুর জন্য সরকারের সঙ্গে তার 'যুদ্ধ' চলছে।
সোমবার রাজধানীর আন্তর্জাতিক পাট স্টাডি গ্র"প (আইজেএসজি)-এর সম্মেলন কক্ষে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) আয়োজনে 'বাংলাদেশে জুট জিওটেক্সটাইল-এর প্রায়োগিক ব্যবহার ও সম্ভাবনা' শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।
পাট শিল্পকে বাঁচাতে দেশীয় কাঁচামালের ব্যবহার বাড়ানো এবং পাট চাষিদের ন্যায্যমূল্য দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইকবাল বলেন, "পাটকল বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয় বরং পাটকল বন্ধ করে দিলে সমস্যার শুরু হয়। আমরা পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছি। সাতটি পাটকল লিজ দিয়ে চালু করা যায় কিনা চেষ্টা করছি। এ নিয়ে সরকারের সঙ্গে যুদ্ধ করছি।"
নানা কারণে পাট শিল্প ধ্বংসের মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, "আদমজী বন্ধ হয়ে যাওয়ায় ৩৫ হাজার লোক কর্মহীন হয়ে পড়ে। এরপর রাষ্ট্রায়ত্ত্ব আরো সাতটি পাটকল বন্ধ হয়ে যায়। কেনো পাটকল বন্ধ হলো- তা জানা দরকার। সম্ভাবনাময় পাটশিল্পকে বাঁচাতে শুধু আলোচনা নয়, এজন্যে দেশপ্রেমিক মনোভাব থাকতে হবে।"
পাটের উৎপাদন বাড়ানোর প্রতি জোর দিয়ে উপদেষ্টা বলেন, "মানুষ এখন ন্যাচারাল ফাইবারের দিকে ঝুঁকছে। দেশীয় কাঁচামাল দিয়ে 'জুট জিওটেক্সটাইল' উৎপাদন সহজ হবে। এজন্যে কৃষকের প্রয়োজনীয় পুঁজি সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাটের উৎপাদন বাড়ানো ছাড়া কোনো উদ্যোগ সফল হবে না।"
কাঁচামালের সরবরাহ বাড়াতে ইতোমধ্যে ৩৫ জেলার ১০০ উপজেলায় ক্ষুদ্রঋণ দেওয়া হয়েছে এবং উন্নত পাটবীজ সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আনোয়ারুল ইকবাল বলেন, "জুট জিওটেক্সটাইলের অভাবে উন্নত বিশ্বে সিনথেটিক জিওটেক্সটাইল ব্যবহৃত হচ্ছে। জুট জিওটেক্সটাইল চাহিদা অনুসারে সরবরাহ সম্ভব হলে বিশ্ববাজারে এর ব্যবহার বেড়ে যাবে। বাংলাদেশের জন্য এটি সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।"
কর্মশালায় বস্ত্র ও পাট সচিব আব্দুর রশীদ সরকার নদী ভাঙনপ্রবণ এলাকায় সিনথেটিক জিওটেক্সটাইলের পরিবর্তে জুট জিওটেক্সটাইল এর ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফজলুল হকের সভাপতিত্বে আইজেএসজি সেক্রেটারি জেনারেল সুদৃন্ত রায়, জেডিপিসি এর নির্বাহী পরিচালক ড. এবিএম আব্দুল্লাহসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পাটকলের মালিকরা কর্মশালায় অংশ নেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল জব্বার খান এবং আর্কেডিয়া প্রপার্টি ডেভেলাপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহিদ হোসেন জিওটেক্সটাইল জুট বিষয়ে প্রবন্ধ পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২০০৮ ঘ.
bdnews24