২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন জঙ্গির ২০ বছর কারাদণ্ড

বিস্ফোরক মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে সোমবার ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। ২০০৬ সালে রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার মহানগর ৬ নম্বর বিশেষ আদালতের বিচারক মো. আবু মহসীন এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 10:04 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে সোমবার ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। ২০০৬ সালে রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার মহানগর ৬ নম্বর বিশেষ আদালতের বিচারক মো. আবু মহসীন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- ওয়াহেদুল ইসলাম হাবিব, শফিকুল ইসলাম রাসেল ও হাফেজ ইব্রাহিম। রায়ের সময় তিন আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। হাফিজ ইব্রাহিম কুমিল্লায় আত্মঘাতী বোমা হামলায় নিহত জেএমবি নেতা মোল্লা ওমরের শ্যালক। আদালত কারাদণ্ডের পাশাপাশি তিন জনের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে। টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৭ জানুয়ারি আশকোনার একটি বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে বোমা বানানোর ৭১ ধরনের সরঞ্জাম উদ্ধার করে। ওই বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় তিন জঙ্গিকে। এ ঘটনায় র‌্যাব-৩ এর কর্মকর্তা উপ-পরিদর্শক শহীদ আশরাফ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে উত্তরা থানায় মামলা করেন। ২০ জনের সাক্ষ্য শেষে সোমবার এ মামলার রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনাকারী সহকারী পাবলিক প্রসিকিউটর শাহীন ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার বিচারকালে দণ্ডিত আসামিরা নিজেরাই রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরা করেন এবং যুক্তিতর্কে অংশ নেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৫০ ঘ.