ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা ট্রেন চালুর বৈধতা নিয়ে এক আইনজীবীর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
রিট আবেদনটির ওপর চার দিন শুনানি শেষে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. এমদাদুল হককে নিয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার এটি খারিজের আদেশ দেন।
তবে আদালতের আদেশের পর রিটকারীর কৌঁসুলি আবু বকর সিদ্দিকী সাংবাদিকদের বলেছেন, তারা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন।
দুই দেশের মধ্যে ট্রেন চালু করার মতো চুক্তি করার এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের নেই- উল্লেখ করে ওই চুক্তি বাতিল ও অবৈধ ঘোষণার দাবিতে গত ২০ এপ্রিল রিট আবেদনটি দায়ের করেছিলেন ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী চোকদার মো. আবদুস সাত্তার।
এর শুনানিতে রিটকারীর আইনজীবী আবু বকর সিদ্দিকী আদালতে বলেন, "এ ধরনের চুক্তি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের মধ্যে পড়ে। সংবিধান অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার এ ধরনের নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না। বর্তমান সরকার সংবিধান লঙ্ঘন করে এ চুক্তি করেছে।"
এ চুক্তির ফলে রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব 'হুমকির মুখে পড়তে পারে' বলেও দাবি করেন রিটকারীর আইনজীবী।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান।
ব্রিটিশ আমলে ঢাকা ও কলকাতার মধ্যে ট্রেন চলাচল চালু ছিল। ভারত ও পাকিস্তান হওয়ার পরও তা বন্ধ হয়নি। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর তা বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার দীর্ঘ সময় পর বেশ কয়েকবারের উদ্যোগের ধারাবাহিকতায় রেল যোগাযোগ পুনঃস্থাপনে গত ১০ এপ্রিল বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে চুক্তি হয়। এরপর গত ১৪ এপ্রিল থেকে ঢাকা-কলকাতা রুটে 'মৈত্রী এক্সপ্রেস' নামে ট্রেনটি চলাচল শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24