২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড পকেটেই ছিল, ছোড়া হয়নি: হুজি কর্মী সবুজ

"বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় হামলার জন্য আমাকে দু'টি গ্রেনেড দেওয়া হয়। কিন্তু এক সঙ্গী আগেই হামলা চালানোয় ভিড়ের মধ্যে পকেটে রাখা গ্রেনেড ছোড়ার আর সুযোগ পাইনি। পরে সেগুলো রাস্তায় ফেলে চলে আসি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 04:22 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা,জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় হামলার জন্য আমাকে দু'টি গ্রেনেড দেওয়া হয়। কিন্তু এক সঙ্গী আগেই হামলা চালানোয় ভিড়ের মধ্যে পকেটে রাখা গ্রেনেড ছোড়ার আর সুযোগ পাইনি। পরে সেগুলো রাস্তায় ফেলে চলে আসি।" র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেপ্তার হরকাতুল জিহাদ (হুজি) কর্মী রফিকুল ইসলাম সবুজ (২৮) এভাবেই ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার বর্ণনা দেন। শনিবার রাতে রাজবাড়ি জেলা থেকে সবুজকে গ্রেপ্তারের পর রোববার বিকেলে র‌্যাব সদর দপ্তরে তাকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। ঘটনায় জড়িত আরেক হরকাতুল জিহাদ কর্মী উজ্জল হোসেন রতনও এ সময় সবুজের সঙ্গে ছিলেন। শনিবার রাতে রতনকে গ্রেপ্তার করা হয় মাগুরা থেকে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, প্রায় দু'বছর চেষ্টা চালিয়ে সবুজকে শনিবার রাতে রাজবাড়ি জেলার এক ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ি মাগুরার নিজ বাসা থেকে রতনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে আরো পাঁচজনকে আটক করা হলেও প্রাথমিকভাবে গ্রেনেড হামলায় তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে তাদের রাজবাড়ি থানায় সোর্পদ করা হয়েছে। কর্নেল গুলজার বলেন, "এর আগে ২১ আগস্ট মামলায় গ্রেপ্তারকৃতদের প্রায় সবার স্বীকারোক্তিতে সবুজের নাম এসেছে। ওই হামলার মূল পরিকল্পনাকারী মুফতি হান্নানও আদালতে তার নাম বলেছে।" সবুজ জানান, ২০০৪ সালের ২১ আগস্ট সকাল ১১টার দিকে মেরুল বাড্ডার এক বাসায় তাদের কয়েকজনের সঙ্গে মুফতি হান্নানের বৈঠক হয়। সেখানে শেখ হাসিনাকে জাতির ও ইসলামের শত্র" উল্লেখ করে তাকে হত্যার নির্দেশ দেন মুফতি হান্নান। সবুজ বলেন, "বৈঠক শেষে আমাকে দু'টি গ্রেনেড দেওয়া হয়। আমার গ্র"পে মোট চারজন ছিল। অন্য তিনজন হচ্ছে জাহাঙ্গীর, তৌফিক ও মোস্তফা। জাহাঙ্গীর গ্রেপ্তার হয়েছে, বাকি দু'জন সৌদি আরবে চলে গেছে।" রফিকুল ইসলাম সবুজ জানান, তিনি গ্রেনেড দু'টি প্যান্টের পকেটে ভরে দলের অন্য সদস্যদের সঙ্গে বাসে করে গুলিস্তান যান। বঙ্গবন্ধু এভিনিউয়ে জনসভায় হামলার নেতৃত্ব দেন আবু জান্দাল। তাকে কিছুদিন আগে গ্রেপ্তার করেছে র‌্যাব। হামলার ঘটনা বর্ণনা করে তিনি বলেন, "পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দিক থেকে একইসঙ্গে গ্রেনেড ছোড়ার কথা ছিল। কিন্তু এজন্য সঙ্কেতের অপেক্ষায় থাকার সময় একজন আগেই একটি গ্রেনেড ছোড়ে। এ সময় চারদিকে ছোটাছুটি শুরু হলে আমি ভিড়ের মধ্যে পড়ে যাই। একপর্যায়ে কাছে থাকা গ্রেনেড দুটি রাস্তায় ফেলে চলে আসি।" আরেক হরকাতুল জিহাদ সদস্য রতন জানান, ঘটনা দিন তিনি অসুস্থ ছিলেন। এরপরও গ্রেনেড নিয়ে ঘটনাস্থলে যান। শারীরিক অবস্থা ভালো না দেখে সঙ্গীরা তাকে গোলাপশাহ মাজারে শুইয়ে রেখে কাছে থাকা দু'টি গ্রেনেড নিয়ে চলে যায়। এরপর হামলা শেষে তাকে নিয়ে আসে সঙ্গীরা। গুলজার উদ্দিন আহমেদ জানান, মামলাটি সিআইডি তদন্ত করায় সবুজ ও রতনকে তাদের কাছে সোপর্দ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২২১৮ ঘ.