ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নয় সদস্যদের সুপ্রিম জুডিশিয়াল কমিশনে সাংসদ এবং কোন সচিবকে রাখা হবে না। এ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশটি রোববার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
সংশোধনীর ফলে প্রধান বিচারপতির নেতৃত্ব কমিশনের সদস্য থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা, আপিল বিভাগের তিনজন জ্যেষ্ঠ বিচারক, হাইকোর্ট বিভাগের দু'জন জ্যেষ্ঠ বিচারক, অ্যাটর্নি জেনারেল ও সুিপ্রম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সমিতির সভাপতি।
'সুপ্রিম জুডিসিয়াল কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০০৮' অনুমোদন হওয়ার পর রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সুপ্রিম জুডিয়াল অধ্যাদেশের ৩/২ ধারা সংশোধন করে এই পরিবর্তন আনা হয়। আগে প্রধান বিচারপতি, আপিল বিভাগের দুজন জ্যেষ্ঠ বিচারপতি, আইনমন্ত্রী, আইন সচিব, অ্যার্টনি জেনারেল, ক্ষমতাসীন ও বিরোধী দলীয় দুজন সাংসদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতির কমিশনে সদস্য থাকার কথা ছিল।
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থী বাছাই করার জন্য গত ১৬ মার্চ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ জারি করেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান রিট আবেদন করলে ২৮ এপ্রিল হাইকোর্ট কমিশনের কার্যক্রমের ওপর তিনমাসের নিষেধাজ্ঞা দেন। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ গত ২০ মে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছিল।
ফাহিম মুনয়েম আরও জানান, উপদেষ্টা পরিষদ 'পাবলিক সার্ভেন্টস (ডিসমিসাল অন কনভিকশন) অর্ডিন্যান্স (সংশোধন) ২০০৮' এরও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীরা অপরাধে জড়িয়ে পড়লে তাদের চাকরি থেকে বরখাস্ত করার বিধান রেখে ১৯৮৫ সালে এই আইন করা হয়। আইনটিকে আরও সময়োপযোগী করার জন্য এই সংশোধনী আনা হয়েছে।
পুরনো আইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আদালত ছয়মাসের কারাদণ্ড বা একহাজার টাকা অর্থদন্ড দিলে তাদের চাকরি থেকে বরখাস্ত করার বিধান ছিল। সংশোধিত আইনে এই শাস্তি পেতে কারাদণ্ডের মেয়াদ ছয় মাসের পরিবর্তে ন্যূনতম এক বছর করা হয়েছে। অন্যদিকে এক হাজারের পরিবর্তে দশ হাজার বা অধিক আর্থিক দণ্ড পেলেও সরকারি কর্মচারীরা চাকরি থেকে বরখাস্ত হবেন। রোববার ( ১ জুন) থেকেই আইনটি কার্যকর হয়েছে।
প্রেস সচিব আরও জানান, সভায় ডি-এইট গ্র"পের সদস্য দেশগুলোর ব্যবসায়ীদের ভিসা সহজ করার করার লক্ষ্যে " ডি এইট এগ্রিমেন্ট অন সিমপ্লিফিকেশন অব ভিসা প্রসিডিউর ফর দ্য বিজনেসম্যান অব দ্যা মেম্বার স্টেটস' শীর্ষক একটি চুক্তির অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ, মিশর, ইরান, ইন্দোনেশিয়া, মালেয়শিয়া, পাকিস্তান, নাইজেরিয়া ও তুরস্ক এই আটটি দেশ ১৯৯৭ সালে ডি- এইট গঠন করে। এই রাষ্ট্রগুলোর ভিসা সহজ করার জন্য ২০০১ সালের ২৪ ফেব্র"য়ারি কায়রোতে একটি চুক্তি করে। নিয়ম অনুযায়ী এই চুক্তির অনু সমর্থন করল সরকার। চুক্তির ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণ সহজ ও বৈদেশিক বাণিজ্য সহজ হবে।
রোববারের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। এতে অর্থ এবং পররাষ্ট্র উপদেষ্টা ছাড়া বাকি সব উপদেষ্টা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমইউএ/এসএনডি/এমএইচবি/২২০৩ ঘ.
bdnews24