ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজনৈতিক দলগুলোকে সংলাপে আনার জন্য সরকারের যত রকমের ক্ষমতা আছে তার সবই চেষ্টা করা হবে।
রোববার সচিবালয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
তবে কি ধরনের চেষ্টা তা জানাতে রাজি হননি তিনি।
তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোই সংলাপ চেয়েছে। তারা বলেছিল সংলাপের কোন শর্ত দেওয়া যাবেনা। আমরা কোন শর্ত দেইনি। এখন তাদেরই দায়িত্ব সংলাপে আসা। এখন তারাই বিবেচনা করবেন।"
তিনি বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ না। আমরা তো নির্বাচন করবো না। রাজনৈতিক দলগুলোই নির্বাচন করবে। রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনতে পারলে সুন্দর ভবিষ্যত হবে।"
এক প্রশ্নের জবাবে যোগাযোগ উপদেষ্টা বলেন, সংলাপে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের চিঠি এখনই পাইনি। আশা করছি পাব।
শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সংলাপে আনা হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে কিছু বলতে পারছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/জিএনএ/১৩২৬ ঘ.
bdnews24