২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের মধ্যে নির্বাচন চেয়েছেন খালেদা

চলতি মাসের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার ও আগামী অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 07:25 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার ও আগামী অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, তারা জবরদস্তি করে ক্ষমতায় টিকে আছেন। বর্তমান পরিস্থিতিতে দলীয় ঐক্য ধরে রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন কারাবন্দি বিএনপি নেত্রী। পাশাপাশি সব রাজনৈতিক দলকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলার বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এ প্রধানমন্ত্রী। নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে রোববার আদালতে দাঁড়িয়ে একথা বলেন খালেদা জিয়া। গ্রেপ্তার শেষে কারাগারে নেওয়ার পর এই প্রথম তাকে কোনও আদালতে হাজির করা হল। সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এ খালেদার বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি চলে। শুনানির পরবর্তী তারিখ ৮ জুন। আদালতের বিচারক খোন্দকার কামাল উজ জামানের অনুমতি নিয়েই রোববার ওই কথাগুলো বলেন খালেদা জিয়া। ২৬ মে সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে একই অভিযোগে দায়ের করা মামলা দুটি বিশেষ জজ আদালতে ওঠে। সেদিন শেখ হাসিনাকে হাজির করা হলেও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় কমিশন। আর হাসিনার বিরুদ্ধে একই অভিযোগের মামলায় অভিযোগপত্র দেয়া হয় গত ৭ মে। দুই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ দুটি মামলা দায়ের করে। খালেদার বিরুদ্ধে মামলাটি করেন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম। আর হাসিনার বিরুদ্ধে মামলা করেন উপ-পরিচালক এম এম শাব্বির হাসান। আলাদা মামলা হলেও ওই তিনটি গ্যসক্ষেত্র হস্তগত করতে ক্যানাডার কোম্পানি নাইকোর অভিযুক্ত কর্মকাণ্ডের ব্যাপ্তি গড়ায় ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ও এরপর ক্ষমতায় আসা চারদলীয় জোট সরকার পর্যন্ত। মামলা দুটির অভিযোগে বলা হয়, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ থাকা সত্ত্বেও সাবেক দুই প্রধানমন্ত্রী ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে নাইকোর হাতে তুলে দেন। অভিযোগপত্রে মামলা দুটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মামলার ১১ আসামি পরস্পরের যোগসাজশে নাইকোর সঙ্গে চুক্তি করায় সরকারের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ মামলায় অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারি সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সিএম ইউসুফ ও কাশেম শরীফ পলাতক রয়েছেন। আর খালেদা জিয়াসহ বাকিরা কারাগারে আছেন। মামলার প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) কামাল উদ্দিন, ইউছুফ হোসাইন, ময়নুল হক, শফিউর রহমান, মামুন ও সেলিম ভূঁইয়ার নাম ছিল না। তদন্তে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের নাম অভিযোগপত্রে তোলা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গত বছর ১৬ জুলাই তার ধানমণ্ডির বাসা থেকে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৩ সেপ্টেম্বর শহীদ মইনুল সড়কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এমআই/জিএনএ/১৩২০ ঘ.