২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ জুন

নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৫ জুন ধার্য করেছে আদালত। রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এদিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 05:23 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৫ জুন ধার্য করেছে আদালত। রোববার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এদিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবীরা মামলা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় অভিযোগ গঠন পিছিয়ে দেওয়ার জন্য সময় আবেদন করেন। এছাড়াও মামলা থেকে হাসিনাকে জামিন দেওয়ারও আবেদন জানান তারা। আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ৫ জুন শুনানির জন্য দিন ধার্য করেন। একইসঙ্গে জামিন সংক্রান্ত বিষয়ে পরে আদেশ দেবেন বলেও জানান তিনি। এর আগে সকাল ১০টার দিকে হাসিনাকে বিশেষ কারাগার থেকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়। এসময় এ মামলার অপর দুই আসামি কারাবন্দি সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামও আদালতে উপস্থিত ছিলেন। একই অভিযোগে অপর একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আরেক আদালতে হাজির করা হয়েছে। গত ২১ মে হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলা সংসদ ভবনের ২ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছিল। মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. এস এ সামাদ, সাবেক জ্বালানি সচিব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক জ্বালানি সচিব ড. এম আকমল হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, নাইকো রিসোর্সেস বাংলাদেশ লি. এর ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, বহির্সম্পদ বিভাগের সাবেক সচিব ড. এ কে এম মশিউর রহমান ও পেট্রোবাংলার সাবেক পরিচালক সৈয়দ আনোয়ারুল হক। মশিউর রহমান ও আনোয়ারুল হকের নাম মামলার এজাহারে ছিল না। তদন্তের পর তাদের নাম অভিযোগপত্রে যুক্ত করা হয়। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ৭ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এম এম সাব্বির হাসান । অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে বিনা টেন্ডারে ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্রের ১ হাজার ৭৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস নাইকোকে উত্তোলনের সুযোগ দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১১১৮ ঘ.