২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন রেজিস্ট্রেশনে শেষ সময়ে ভালো সাড়া

পুনরায় রেজিস্ট্রেশনের জন্য বেঁধে দেওয়া সময়ের শেষ পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটররা। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী, ৩১ মে'র মধ্যে নিবন্ধিত হয়নি এমন সব মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 05:28 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পুনরায় রেজিস্ট্রেশনের জন্য বেঁধে দেওয়া সময়ের শেষ পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটররা। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী, ৩১ মে'র মধ্যে নিবন্ধিত হয়নি এমন সব মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ২০০৬ সালের ২৮ ফেব্র"য়ারির আগে কেনা মোবাইল ফোন রেজিস্ট্রেশনের জন্য শনিবারই শেষ দিন। বিটিআরসি'র পরিচালক মো. রেজাউল কাদের শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিদ্ধান্ত অনুযায়ী অনিবন্ধিত মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ৩১ মে রাত ১২টার পর থেকেই এটা কার্যকর হবে।" রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেজিস্ট্রেশনের কাজ পুরোদমে চলছে। বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ৭৮ ভাগ গ্রাহক ফোন নিবন্ধন করিয়েছেন। আশা করছি, ৯০ ভাগের মতো গ্রাহককে নিবন্ধিত করা যাবে।" মুজিবুর রহমান জানান, শুক্রবার সারা দিন টেলিটকের রেজিস্ট্রেশন সেন্টারগুলো খোলা ছিল। শনিবার রাতে যতক্ষণ গ্রাহক থাকবে ততক্ষণ রেজিস্ট্রেশন চলবে। টেলিটকের এ কর্মকর্তা জানান, রেজিস্ট্রেশন শেষে বিটিআরসিকে এ ব্যাপারে প্রতিবেদন দেওয়া হবে। অনিবন্ধিত থেকে যাওয়া মোবাইল ফোনগুলোর ক্ষেত্রে কী করা হবে জানতে চাইলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "বিটিআরসির নির্দেশনার অপেক্ষায় আছি। আমরা এখনও জানি, রেজিস্ট্রেশনের জন্য আর সময় বাড়ানো হবে না।" দেশের সব মোবাইল ফোন গ্রাহকের তথ্য নথিবদ্ধ করার জন্য বিটিআরসির নির্দেশে গত বছর ১৬ আগস্ট থেকে রেজিস্ট্রেশন শুরু করে মোবাইল ফোন অপারেটররা। ২০০৬ সালের ২৮ ফেব্র"য়ারির আগে কেনা সব মোবাইল ফোন নিবন্ধিত করার জন্য বিটিআরসি দুই মাস সময় বেঁধে দেয়। কিন্তু অপারেটরদের আবেদনের পরিপ্রেক্ষিতে এরপর চার দফা সময় বাড়ানো হয়। গ্রামীণ ফোনের জনসংযোগ বিভাগের পরিচালক সৈয়দ ইয়ামিন বখ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেষ মুহূর্তে ভিড় বেড়েছে। রেজিস্ট্রেশনের হার আশাব্যঞ্জক। অনিবন্ধিত মোবাইল সংযোগের ক্ষেত্রে বিটিআরসি যা বলবে তাই হবে।" বাংলালিংকের জনসংযোগ ও তথ্য বিভাগের প্রধান সুলায়মান আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেজিস্ট্রেশনের জন্য লোকবল বাড়ানো হয়েছে। সাড়া ভালো। তবে এখনো কতো গ্রাহক বাকি রয়েছেন তা অনুমান করা মুশকিল। কিছু বাকি থাকবেই। এ বিষয়ে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।" বিটিআরসি'র এপ্রিল মাসের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৬টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ১ কোটি ৮০ লাখ। বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৮৬ লাখ, একটেলের ৭৫ লাখ, সিটিসেলের ১৬ লাখ ও ওয়ারিদের ২৯ লাখ। এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহক সংখ্যা ৯ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/২৩১৯ঘ.