মিন্টু চৌধুরী, চট্টগ্রাম অফিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম পরিবেশ আদালতে ১১ মাস ধরে বিচার কাজ বন্ধ আছে। ভারপ্রাপ্ত বিচারকের অধীনে প্রতি মাসেই নতুন নতুন মামলা হলেও দরখাস্ত ও জামিনের শুনানি এবং অভিযোগপত্র গ্রহণের মধ্যেই ঘুরপাক খাচ্ছে পরিবেশ আদালতের কাজ। জানাচ্ছেন মিন্টু চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, গত বছর ২১ জুন থেকে এ বছর ২০ মে পর্যন্ত পরিবেশ আদালতে ৪৮টি মামলা হয়েছে। এর মধ্যে গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত হয়েছে ৩১টি এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত হয়েছে ২৮টি। এ বছর মে পর্যন্ত ১৭ টি মামলা হয়েছে। অধিকাংশ মামলারই বাদী চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। সর্বশেষ গত বছর মে'র মাঝামাঝি একটি মামলা সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হয়।
স্থায়ী বিচারক না থাকায় কোন মামলারই অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ বা যুক্তি-তর্ক শুনানি হয়নি বলে জানিয়েছেন পরিবেশ আদালতের সরকারি কৌসুলি শফিউল মোর্শেদ চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছর ২১ জুন থেকে চট্টগ্রাম পরিবেশ আদালতে বিচারক না থাকায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে ২য় যুগ্ম জেলা জজ মশিউর রহমান ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আবার অর্থঋণ আদালতেরও ভারপ্রাপ্ত বিচারক।"
তিনটি আদালতের বিচারক একই ব্যক্তি হওয়ায় তাঁকে বিচারিক কাজ পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে। এ কারণেই বিচার কার্যক্রমে এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করেন সরকারি কৌসুলি শফিউল মোর্শেদ।
চট্টগ্রাম পরিবেশ অধিপ্তরের পরিচালক নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিকাংশ মামলার বাদী পরিবেশ অধিপ্তর হওয়ায় আমাদেরও নানা ধরণের জটিলতায় পড়তে হয়। নিজস্ব বিচারক না থাকায় মামলার দীর্ঘসূত্রতাও বাড়ছে।"
তিনি বলেন, পরিবেশ আইনটি ভিন্ন হওয়ায় ভারপ্রাপ্ত বিচারককেও বিচার কাজ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। তিনি অবিলম্বে চট্টগ্রাম পরিবেশ আদালতে নিজস্ব বিচারক নিয়োগের দাবি জানান।
২০০৭ সালের ২১ জুন চট্টগ্রাম পরিবেশ আদালতের বিচারক আমিনুল হক রংপুরে অতিরিক্ত (এডিশনাল) জেলা জজ হিসেবে পদোন্নতি পান। এর পর প্রথমে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ শরীফুদ্দীন পরিবেশ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২য় যুগ্ম জেলা জজ মশিউর রহমানকে ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সরকারি আইনজীবী শফিউল মোর্শেদ বলেন, ভারপ্রাপ্ত বিচারকের অধীনে আদালতে ২৬টি অভিযোগপত্র দাখিল হয়েছে। এর মধ্যে আগের কয়েকটি মামলারও অভিযোগপত্র রয়েছে। অভিযোগপত্র দেওয়ার পর মামলার কার্যক্রম আর বেশি দূর এগোয়নি। এ পর্যন্ত কোন মামলা নিষ্পত্তিও হয়নি।
তবে কয়েকটি জামিন আবেদনের শুনানি হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/জিএনএ/১৭৪৫ ঘ.
bdnews24