বগুড়া, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় স্কুলছাত্র নকিবুজ্জামান নাদিম হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মির্জা মোহাম্মদ আইয়ুব আলী বুধবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হল- বগুড়া শাহজাহানপুর (মাঝিরা) উপজেলার বীকুষ্টিয়ার ফরহাদ হোসেন, পরানবাড়িয়ার আতিকুর রহমান শাহিন ও আসাদুজ্জামান রিপন। এই তিনজনই নিহত নাদিমের সহপাঠী।
সহকারী সরকারি আইনজীবী (এপিপি) এ এন এম জাহাঙ্গীর আলম জানান, ২০০৪ সালের ১৬ আগস্ট সন্ধ্যায় শাহজাহানপুর উপজেলার ঝালোপাড়ার ডেমাজানি শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নকিবুজ্জামান নাদিমকে তার তিন সহপাঠী বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে ডেমাজানি ইবনে কায়েসিয়া মাদ্রাসার বারান্দায় নাদিমের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত লাশ পাওয়া যায়।
ওই রাতেই নাদিমের বাবা খায়রুজ্জামান বাদশা বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
দণ্ডপ্রাপ্ত তিনজন এখন বগুড়া কারাগারে আটক আছে।
আসামি পক্ষের আইনজীবী শহিদুল ইসলাম জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০১৩ ঘ.
bdnews24