ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুত কেন্দ্র মামলার বিচার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার করা রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শেষ করেছে হাইকোর্ট।
বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ বুধবার শুনানি গ্রহণ শেষ করে।
হাসিনার এক আইনজীবী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত রায় ঘোষণার কোন দিন নির্ধারণ করেনি। তবে বৃহস্পতিবার রায় হতে পারে।
ভাসমান বিদ্যুত কেন্দ্র মামলার বিচার কার্যক্রম চলার বৈধতা চ্যালেঞ্জ করে গত ১১ মে হাইকোর্টে রিট আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১২ মে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে। নির্ধারিত ৬০ দিনের মধ্যে বিচার শেষ না করায় মামলার বিচার চলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতে বলা হয় সরকার, দুর্নীতি দমন কমিশন ও ঢাকার ১ নং বিশেষ জজ আদালতকে।
তবে হাইকোর্ট নিু আদালতে মামলাটির বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ না দেওয়ায় ২১ মে থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে।
গত বছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। এরপর চলতি বছরের ১১ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়।
১৩ জানুয়ারি মামলাটি বিচারের জন্য আমলে নেন সংসদ ভবনে অবস্থিত ঢাকার ১ নং বিশেষ জজ আদালত। ওই আদালত গত ১৮ মে এ মামলাটিতে হাসিনাসহ সকল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ করেন।
শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করে যৌথবাহিনী। এ মামলায় হাসিনাকে গতবছর ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৯২৩ ঘ.
bdnews24