২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ আদালত সুবিচার অনিশ্চিত করে তুলেছে: অ্যামনেস্টি

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিশেষ আদালতের মাধ্যমে বিচার কাজ পরিচালনা করায় বাংলাদেশে সুবিচার পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার প্রকাশিত সংস্থাটির ২০০৮ সালের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিশেষ আদালতের মাধ্যমে বিচার কাজ পরিচালনা করায় বাংলাদেশে সুবিচার পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার প্রকাশিত সংস্থাটির ২০০৮ সালের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, আইনজীবীর সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিবাদীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করছে বিশেষ আদালতগুলো। জরুরি বিধিমালার মামলায় আসামিরা জামিনও পাচ্ছে না। এসব কারণে সুবিচার পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবেদনের সারাংশে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশে জরুরি অবস্থা জারির পর মানবাধিকারের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ২০০৭ সালে জরুরি আইন লঙ্ঘনের অভিযোগে বা সন্দেহবশত গ্রেপ্তার করা হয়েছে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি লোককে। নির্যাতনের ঘটনাও বেড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতেই নিহত হয়েছে একশ'রও বেশি মানুষ। অথচ এসব মৃত্যুতে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি বিধিমালার আওতায় মোতায়েনকৃত পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী সদস্যরা বিচার-বর্হির্ভূত হত্যাকাণ্ডসহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। যেসব সেনা সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তারা বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে বিভিন্ন অভিযোগে ৪ লাখ ৪০ হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এদের অনেককেই জরুরি বিধিমালার আওতায় আটক করে পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া হয়েছে অথবা দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জরুরি অবস্থার কারণে মতপ্রকাশের স্বাধীনতা 'মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে' উল্লেখ করে অ্যামনেস্টি বলছে, সংবাদ মাধ্যমের ওপর চূড়ান্ত কড়াকড়ি আরোপ করা না হলেও জরুরি অবস্থার কারণে সাংবাদিক ও সম্পাদকদের মধ্যে স্ব-আরোপিত নিয়ন্ত্রণের প্রবণতা বেড়েছে। সেনাবাহিনী বা গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে লিখলে সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। মানবাধিকার কর্মীরা বিগত বছরগুলোর মতো ২০০৭ সালেও নানাভাবে নির্যাতিত হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অনেক মানবাধিকার র্কমীকে আটক করা হয়েছে। বিশেষ বিশেষ মামলার ক্ষেত্রে আইনজীবীদের বিরুদ্ধে দুর্নীতি মামলা করার হুমকি দেওয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর বাংলাদেশে কমপক্ষে ৯৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অন্তত ছয় জনের । প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি চলতি বছর বেশ জোরালো হয়ে উঠেছে। তবে সরকার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের আওতায় এখনো পর্যন্ত কোনো কমিশন গঠন করেনি বা যুদ্ধাপরাধীদের বিচারের কোনো উদ্যোগ নেয়নি। আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে এ প্রতিবেদনে বলা হয়, "বিশ্ব নেতৃবৃন্দ আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বাক্ষর করার পর ছয় দশক পেরিয়ে গেলেও পরিস্থিতি এখনো যথেষ্ট নাজুক।" প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আইরিন খান এক সাক্ষাৎকারে বলেন, এশিয়া আফ্রিকা কিংবা যুক্তরাষ্ট্র- বিশ্বের অধিকাংশ দেশেই রাষ্ট্রনায়করা মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার রক্ষা করছেন না। জনগণও ধৈর্য হারাচ্ছে। প্রতিবেদনে বন্দি নির্যাতনের ঘটনায় মার্কিন সরকারের কঠোর সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নীরব থাকায় বা বন্দি পরিবহনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারকে সহযোগিতা করায় ইউরোপীয় দেশগুলোরও নিন্দা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/কিউএইচ/জেকে/এসকে/২০৫৬ঘ.