ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে আগামী ৩ জুলাই থেকে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনের জন্য সোয়া দুই কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
ফোবানার আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাসানুজ্জামান হাসান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
নিউইর্য়কের হিল্টন হোটেলে তিনব্যাপী ফোবানা সম্মেলনে কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বাংলাদেশীরা যোগ দেবেন।
গত সোমবার ফোবানা আহ্বায়ক কমিটির শীর্ষ কর্মকর্তাসহ আয়োজক কমিটির কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সম্মেলন কমিটির আহ্বায়ক গিয়াস, সদস্য-সচিব হাসানুজ্জামান হাসান, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মাসুদ জিকু ও কাজী আযম, আহ্বায়ক কমিটির নেতা আতিকুর রহমান সালু, মুহম্মদ হুসেন খান, দেওয়ান শামসুল আরেফিন, কোষাধ্যক্ষ আলী ইমাম, প্রধান সমন্বয়কারী হাজী ওবায়দুল হক এবং সমন্বয়কারী মিনহাজউদ্দিন বাবর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আয়োজকরা জানান, এবারের সম্মেলন শুধু বিনোদন নির্ভর হবে না। এতে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যভিত্তিক ট্যালেন্ট শো, বিনিয়োগ সংক্রান্ত সেমিনার, নতুন প্রজন্মকে বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার অনুষ্ঠান এবং বাঙালি পণ্যের স্টল থাকবে।
আমেরিকা-বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে ২২তম এ সম্মেলন হচ্ছে।
এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সে দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, রাজনীতিক, সমাজকর্মী, পেশাজীবী ছাড়াও বাংলাদেশ থেকে বিভিন্ন গুণিজনরা বিভিন্ন পর্বে বক্তব্য দেবেন বলে আয়োজকরা জানান।
তিন হাজারেরও বেশি লোক ধারণ ক্ষমতাসম্পন্ন নিউইয়র্কের হিল্টন হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সম্মেলনের কার্যক্রমকে সুষ্ঠুভাবে এগিয়ে নেয়ার জন্যে ডজনখানেক সাবকমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন আয়োজকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এমআই/১৬২৭ ঘ.
bdnews24