২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সন্দ্বীপ হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র, বাদুরগাছা গ্রামের সন্দ্বীপ হত্যার দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোকেয়া বেগম বুধবার এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুর রব, সন্তোষ কুমার, স্বপন কুমার, কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, বৈকণ্ঠ সরকার, কৃষ্ণপদ বিশ্বাস ও অক্ষয় কুমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 08:56 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঝিনাইদহ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র, বাদুরগাছা গ্রামের সন্দ্বীপ হত্যার দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোকেয়া বেগম বুধবার এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুর রব, সন্তোষ কুমার, স্বপন কুমার, কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, বৈকণ্ঠ সরকার, কৃষ্ণপদ বিশ্বাস ও অক্ষয় কুমার। সন্দ্বীপকে ২০০২ সালে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করা হয়। এনিয়ে মামলা হলে পুলিশ প্রথমে এক আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তখন সন্দ্বিপের ভাই ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দেয়। এরপর বিচার বিভাগীয় তদন্তে সাত আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই প্রতিবেদনের আলোকে বুধবার সাড়ে পাঁচ বছর পর এ মামলার রায় হলো। মামলার বিবরণে জানা যায়, একদিন আগের কথা কাটাকাটির জের ধরে ২০০২ সালের ১৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের বাড়ি থেকে সন্দ্বীপকে তুলে নিয়ে যায় আসামিরা। বাড়ির পাশের মাঠে নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে আসামিরা চলে যায়। গুরুতর আহত সন্দ্বীপ পরদিন খুলনা সার্জিক্যাল অ্যান্ড মেডিকেল হাসপাতালে মারা যায়। হত্যার ঘটনায় সন্দ্বীপের বড় ভাই অশোক কুমার বিশ্বাস বাদি হয়ে ১৬ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় সাত আসামির বিরুদ্ধে মামলা করেন। থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তদন্ত করে শুধু এক আসামির (আব্দুর রব) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে অপর আসামিদের অব্যাহতি দেওয়া হয়। এরপর ২০০৩ সালের ১৫ জানুয়ারি বাদি ওই অভিযোগপত্রে নারাজি দিয়ে আদালতে আবেদন করেন। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের আবেদনও জানান তিনি। এরপর বিচার বিভাগীয় তদন্ত কমিশনের ম্যাজিস্ট্রেট সরোজ কুমার নাথও পুলিশ কর্মকর্তা আব্দুল হাইয়ের দাখিল করা প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করেন। আমলি আদালত তখন বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের আলোকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং মামলাটি বিচারের জন্য জেলা জজ আদালতে পাঠান। সে আদালতে ১০ জনের সাক্ষ্য নেওয়া শেষে বুধবার রায় দেন বিচারক রোকেয়া বেগম। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পিপি আমিনুল ইসলাম, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রজব আলী। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আফম শফিউল্লাহ বাচ্চু, রাশেদুল হাসান জাহাঙ্গীর, আনম আনোয়ার উদ্দীন ও হাসান ইমাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫০ ঘ.