২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের স্টোনোগ্রাফার কারাগারে

চাকরি দেওয়ার নামে তরুণীদের ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ের স্টোনোগ্রাফার গোলজারী লাল ধরকে (ধর বাবু) জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি দেওয়ার নামে তরুণীদের ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে করা মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ের স্টোনোগ্রাফার গোলজারী লাল ধরকে (ধর বাবু) জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন আদালতে গোলজারী লাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন। বিচারক এম এ নুর জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌসুলি (পিপি) ফজলুল করিম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাকরি দেওয়ার নাম করে নারীদের ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে এক ধর্ষিতা গোলজারী লালের বিরুদ্ধে গত ১২ এপ্রিল পাহাড়তলী থানায় একটি মামলা করেন। তিনি জানান, মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে। এরা হলেন- গোলজারী লালের সহযোগী মো. কবীর, ফাতেমা বেগম, শেফায়েত উল্লাহ, স্বপন দাশ, মো. মনির ও আবুল কালাম আজাদ। এর মধ্যে শেফায়েত উল্লাহ বর্তমানে কারাগারে আটক আছেন। বাকীরা পলাতক। মামলার অভিযোগ বলা হয়, গোলজারী লালসহ সাত আসামি অসংখ্য যুবতীকে চাকরি দেওয়ার নাম করে নগরীর হালিশহর চুনা ফ্যাক্টরি এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। পরে অনেককে পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন। এ চক্রটি নারী পাচারের সঙ্গেও জড়িত। আসামিরা গত বছরের ২৭ ও ২৮ সেপ্টেম্বর এবং চলতি বছরের ২৩ জানুয়ারি তিন দফা বাদীর ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২১১০ ঘ.