২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলগঞ্জে সড়ক ও টিলায় কয়েকশ' ফুটজুড়ে ফাটল

কমলগঞ্জের শমসেরনগরে দুই ইউনিয়নের রাস্তা ও জমিতে এবং বিমান ঘাঁটি এলাকার দুটি টিলায় প্রায় ছয় ইঞ্চি চওড়া এবং কয়েকশ ফুট দীর্ঘ ফাটল সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

মৌলভীবাজার, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জের শমসেরনগরে দুই ইউনিয়নের রাস্তা ও জমিতে এবং বিমান ঘাঁটি এলাকার দুটি টিলায় প্রায় ছয় ইঞ্চি চওড়া এবং কয়েকশ ফুট দীর্ঘ ফাটল সৃষ্টি হয়েছে। এর মধ্যে মুন্সীবাজার ইউনিয়নের বাদেসোনাপুর এবং পতনঊষার ইউনিয়নের চক কবিরাজি গ্রামের সড়কের প্রায় দেড়শ' ফুট জায়গায় ফাটল দেখা গেছে। এ ছাড়া বিমান ঘাঁটি এলাকার দুটি টিলায় তৈরি হয়েছে পাঁচশ' ফুট লম্বা ফাটল। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ফাটল সৃষ্টি অস্বাভাবিক নয়। ভূ-স্তরের বিন্যাসের কারণে ভূমিতে ফাটল সৃষ্টি ও দেবে যেতে পারে। এ বিষয়ে জানার জন্য মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. আলকামা সিদ্দিকী সোমবার বিকেলে ঘটনাস্থলে গেছেন। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে রাস্তার পাশে ফসলি জমিতে হালকা ফাটল তারা দেখতে পান। পরে সে ফাটল বাড়তে থাকে। সোমবার কোথাও কোথাও জমি দেবেও গেছে বলে তারা জানান। সোমবার সকালে সরেজমিনে ওই এলাকা ঘুরে দেখা গেছে- ফাটল ছয় ইঞ্চির মত চওড়া। পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান হাজি একলাসুর রহমান বলেন, "গত দু'দিন আগে ৮ নং ওয়ার্ডের চক কবিরাজি গ্রামের রাস্তায় এবং শমসেরনগর বিমান ঘাঁটির এলাকার দুটি টিলায় ফাটল দেখা দেয়। ধীরে ধীরে এ ফাটল বড় হতে থাকলে গ্রামের লোকজন আমাকে জানায়।" বাদেসোনাপুর গ্রামে সড়কের প্রায় দেড়শ' ফুট জায়গাজুড়ে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান। স্থানীয়রা বলছেন, তারা এর আগে এ ধরনের ফাটল সৃষ্টি হতে দেখেননি। স্থানীয় টিলাগড় প্রাথামিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফ বলেন, "মাটির নিচে তেলাগ্যাসের চাপে এমনটি হয়ে থাকতে পারে।" কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান, তিনি বিষয়টি সোমবার সকালে শুনেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষজ্ঞদের মতামত ছাড়া এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, "বেঙ্গল বেসিনের সুরমা সাব-বেসিন নিচের দিকে দ্রুত অবনমনশীল হওয়ায় ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় ফাটল সৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। পুরুত্ব প্রায় ২০ কিলোমিটার হওয়ায় এর চাপে প্রতি বছর এক সেন্টিমিটারেরও বেশি নিচে নেমে যাচ্ছে এই সাব-বেসিন।" তবে এ ধরনের ফাটল ভূমিকম্পের কোন পূর্ব লক্ষণ কিনা সরেজমিনে না দেখে বলা যাবে না বলে তিনি জানান। বাংলাদেশ ভূগোল সমিতির সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মো. শরিফুল হুদা বলেন, "কমলগঞ্জের ওই এলাকা ডাউকি চ্যুতির অন্তর্ভুক্ত। মাটির নিচে যে স্তর আছে সেগুলোতে বিচ্যুতি ঘটলে এরকম ফাটল দেখা দিতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/জিএনএ/১৯১৬ ঘ.