জামালপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে একটি কৃষিবান্ধব বাজেট ঘোষণা হওয়ার প্রত্যাশা করছেন অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।
তিনি বলেছেন, "কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এবার আমরা একটি কৃষিবান্ধব বাজেট ঘোষণার অপেক্ষায় আছি। বাজেটে কৃষকদের জন্য কি কি সুবিধা দেওয়া যায় তা নিয়ে সরকারকে ভাবতে হবে। তিনি সারের ভর্তুকি বাড়ানোসহ কৃষি ঋণে ও ভর্তুকি প্রদানের প্রস্তাব করেন।"
রোববার জামালপুর সদরের দিগাপাইত ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০০৮-২০০৯ অর্থ বছরের জন্য স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক খসড়া বাজেট ঘোষণা এবং তথ্যকেন্দ্র ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণমূলক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, "নাগরিক হিসেবে নিজের অধিকার আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
দিগপাইত ইউপি চেয়ারম্যান ডা. একেএম মাহবুবুর রহমান মহব্বতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ, বেসরকারি সংগঠন উন্নয়ন সমুন্নয়ের সমন্বয়কারী এএকেএম মকসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আবেদ আলী, অধ্যক্ষ আব্দুল হামিদ, শেখ ইয়াকুব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২০২ ঘ.
bdnews24