২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলার উন্নতিতে তৎপর হতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। তিনি সারা দেশে পুলিশের নজরদারি জোরদার এবং টহল বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। তিনি সারা দেশে পুলিশের নজরদারি জোরদার এবং টহল বাড়ানোরও নির্দেশ দিয়েছেন। রোববার সন্ধ্যায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজ কার্যালয়ে এক বৈঠকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানার পর প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রধান উপদেষ্টাকে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবহিত করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনেম সাংবাদিকদের এসব তথ্য জানান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়- ইতোমধ্যে পুলিশের পেট্রোল ডিউটি ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে দেশের সব জায়গায় সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসীর তালিকা হালনাগাদ করার কাজ চলছে। গত এক সপ্তাহে রাজধানীতে ১৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরে সন্ত্রাসীরা টহল পুলিশের ওপর হামলা চালিয়ে একটি শটগান ছিনিয়ে নেয়। সেসময় সন্ত্রাসীদের হামলায় দুইজন কনস্টেবল আহত হয়। এর আগে ১৫ মে রাতে চুয়াডাঙা জেলা কারাগার থেকে পালিয়ে যায় সাজাপ্রাপ্ত চার সন্ত্রাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এলএইচ/এএল/এমএইচবি/২১১৪ ঘ.