ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওজনে কম দেওয়ায় শনিবার রাজধানীর মহাখালীতে ৪টি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নিম্নমানের খাবার পরিবেশন করায় জরিমানা করা হয়েছে ৪টি রেস্তোরাঁকে।
র্যাব-১ এর কর্মকর্তা মেজর সাইফুল ইসলাম ফাইজ সাংবাদিকদের জানান, মেজিষ্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে র্যাবের একটি দল মহাখালী এলাকার বিভিন্ন পেট্রোল পাম্প ও রেস্তোরাঁয় এ অভিযান চালায়।
তিনি বলেন, অভিযানে ৪টি পেট্রোল পাম্পে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পাম্পগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে। ওজনমাপক যন্ত্র ঠিক করার পর পাম্পগুলো আবার চালু করা যাবে।
মেজর সাইফুল জানান, এছাড়া মহাখালিতে জলখাবার,নন্দন রেস্তোরাসহ মোট ৪টি খাবার হোটেলে অভিযান চালানো হয। এই সব হোটেল অপরিচ্ছন্ন এবং খাবারের মান নিম্নমানের হওয়ায় মোট ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম / এলএইচ
bdnews24