নওগাঁ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলার হরিপুর গ্রামে শনিবার ভোরে র্যাবের 'ক্রসফায়ারে' উজ্জ্বল (২৮) নামে এক 'চরমপন্থী' নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল হক সাংবাদিকদের জানান, উজ্জ্বলকে বৃহস্পতিবার রাতে র্যাব সদস্যরা গাজীপুর থেকে গ্রেপ্তার করে। র্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের একটি দল শনিবার ভোরে তাকে নিয়ে হরিপুর গ্রামে অস্ত্র উদ্ধারে আসে। ওই সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে গুলি চালায়। তখন র্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলির সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় উজ্জ্বল।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি ককটেল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে বলে ওসি সামসুল হক জানান।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ কর্মকর্তা সামসুল দাবি করেন, নিহত উজ্জ্বল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য।
তিনি জানান, উজ্জ্বল তিনটি মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত। এছাড়া তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ ছয়টি মামলার বিচার চলছে।
উজ্জ্বল আত্রাই উপজেলার হিঙ্গুলকান্দী গ্রামের শুকবর আলী চাঁদের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24