২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদ তিন ফসলি জমি: সমরেশ মজুমদার

প্রবন্ধ ও কবিতার মান ভালো হলেও বাংলাদেশের উপন্যাসে সময়ের প্রতিফলন ঘটছে না বলে মনে করেন সমরেশ মজুমদার। তার মন্তব্য, বাংলাদেশের কোনও ঔপন্যাসিকের লেখায় সময়কে ধরা যায় না। ওপার বাংলার এই কথাসাহিত্যিক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন। তবে বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ঢাকা সফররত সমরেশ মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন মাহমুদ শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 07:30 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

মাহমুদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবন্ধ ও কবিতার মান ভালো হলেও বাংলাদেশের উপন্যাসে সময়ের প্রতিফলন ঘটছে না বলে মনে করেন সমরেশ মজুমদার। তার ভাষায়, বাংলাদেশের কোনও ঔপন্যাসিকের লেখায় সময়কে ধরা যায় না। এখানে স্বাভাবিক কথা বলতে গেলে সবাই প্রতীকের আশ্রয় নেয়। বাংলাদেশের লেখকদের বইয়ের বাজার পশ্চিমবঙ্গে প্রসার না পাওয়ার জন্য উচ্চমূল্যকেই দায়ী করেছেন ওপার বাংলার এই কথাসাহিত্যিক। শুক্রবার ঢাকায় সমরেশ মজুমদারের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে এসব কথা। বাংলাদেশে গত এক বছরে এ নিয়ে তার তৃতীয়বার আসা। এই দেশটি তার কতটা ভালো লাগে, তা বোঝাতে গিয়ে বললেন, "এখানে এলে আমি আমার শৈশবের গন্ধ পাই। সেই ডুয়ার্সের চা বাগানের দিনগুলির মতো ফুরফুরে মেজাজ ঘুরতে পারি।" ভারতের বাঙালি এই লেখকের এবারের ঢাকায় আসাটা একটু অন্য ধরনের; যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে বঙ্গ সম্মেলনে অংশ নেওয়ার জন্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও প্রাবন্ধিক ড. আনিসুজ্জামানকে আমন্ত্রণ জানানোই এই সফরের উদ্দেশ্য। আগামী ১৮, ১৯, ২০ জুলাই হবে ওই সম্মেলন। সমরেশ মজুমদার সম্মেলন আয়োজক সংস্থার উপদেষ্টা (ওভারসিজ অ্যাডভাইজর)। চার দিনের সফরসূচি নিয়ে বুধবার ঢাকায় নেমেছেন সমরেশ মজুমদার। শনিবার কলকাতার পথে উড়ছেন তিনি। সফরের তৃতীয় দিনে বেইলি রোডের সাগর পাবলিশার্সে বসে আড্ডায় মেতে উঠেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সাতকাহন, কালবেলা, কালপুরুষ উপন্যাস দিয়ে এপারের পাঠকের হৃদয়ে কতটুকু জায়গা করে নিয়েছেন, তার উত্তাপ তিনি ভালোই টের পেলেন আড্ডায়। ভক্তদের ভিড় আর অটোগ্রাফের আবদার মেটানোর ফাঁকে ফাঁকে তিনি কথা বললেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে। আড্ডায় দুই বাংলার সাহিত্যের মানের তুলনা করতে গিয়ে সমরেশ মজুমদার প্রথমেই বলেন, "কলকাতার তুলনায় বাংলাদেশের কবিতা অনেক সমৃদ্ধ। কলকাতায় শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় কেবল ব্যতিক্রম। প্রবন্ধের ক্ষেত্রে তুলনা করতে গেলে আমি বলব, বাংলাদেশের তুলনায় আমাদের প্রবন্ধ ১০ শতাংশও এগোয়নি।" "আর উপন্যাস- এখানে হুমায়ুন আহমেদ একা যা করেছেন, তার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে? তিনি লাখ লাখ পাঠক সৃষ্টি করেছেন। তিন ফসলি জমির মতো পাঠককে সর্বম্ব উজাড় করে দিয়েছেন তিনি। এ থেকেই বোঝা যায় তিনি কত উঁচু মানের ঔপন্যাসিক", বললেন তিনি। বাংলাদেশের উপন্যাসের সমালোচনা করে সমরেশ মজুমদার বলেন, "বাংলাদেশের কোনও ঔপন্যাসিকের লেখায় সময়কে ধরা যায় না; বর্তমানে চালের কেজি যে ৪০ টাকা এটা কোথাও কোনও প্রসঙ্গে উপন্যাসে আসবে কিনা আমি জানি না। এখানে স্বাভাবিক কথা বলতে গেলে সবাই প্রতীকের আশ্রয় নেয়; সময়ের প্রতিফলন থাকে না।" "সময়কে জয় না করতে পারলে এক বছর পরে আর কেউ মনে রাখবে না। আমি যা বিশ্বাস করি, ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে সাবলীল ভাবে সময়কে উপস্থাপন করা। তাতে রাজনীতি, মতাদর্শ, সংঘাত সবকিছু থাকবে। যা কালবেলা বা কালপুরুষ উপন্যাসে এসেছে", মন্তব্য সমরেশের। কলকাতার লেখকদের বই বাংলাদেশে সহজলভ্য, অথচ পাঠকদের আগ্রহ থাকা সত্ত্বেও বাংলাদেশে লেখকদের বই কলকাতায় পাওয়া যায় না কেন?- এ প্রশ্নে উচ্চমূল্যকেই দায়ী করেন ওপার বাংলার এই কথাসাহিত্যিক। বললেন, "কলকাতায় আমার বা সুনীলের বইয়ের যে বইয়ের দাম ৬০ টাকা বাংলাদেশে সেই একই আকারের হুমায়ুন আহমেদ বা ইমদাদুল হক মিলনের বইয়ের দাম ১৬০ টাকা। এটা আবার কলকাতা গেলে ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১০০ টাকা। পাঠক এত বেশি দাম দিয়ে বই কিনতে চায় না। এটাই একমাত্র সমস্যা।" সত্তর দশকের পর বাংলা সাহিত্যে প্রভাব ফেলতে পারে এ রকম কেউ আসেনি- একটি বইয়ে করা তার মন্তব্যের কথা তুলে এ বিষয়ে তার বিশ্লেষণ জানার আগ্রহ জানালে সমরেশ মজুমদার বলেন, "আমি ঠিক কী প্রসঙ্গে ওই কথা বলেছিলাম, মনে নেই। আসলে সত্তর দশকের আগের কারও সঙ্গে বর্তমানের কারও তুলনা করাই ঠিক না। আর মান বিচারের সময় তো এখনও আসেনি।" এ বছর তিন বার বাংলাদেশে আসার অভিজ্ঞতায় কোনও পরিবর্তন চোখে ধরা পড়েছে কি না- জানতে চাইলে সমরেশ বললেন, "এখানে সাধারণ মানুষের মধ্যে চিন্তা-ভাবনার খুব দ্রুত পরিবর্তন আসছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে মানুষ এক ধরনের মুক্তির দিকে ছুটছে।" গত এক বছরে তিন বার এলেও আগে কেন আসেননি- জানতে চাইলে সমরেশের উত্তর, "মন চেয়েছে, কিন্তু পারিনি। আমি গত সরকারের সময় আসতে চেয়েছিলাম, কিন্তু সে সময়ের সরকার মনে করতো আমি বাংলাদেশের জন্য হুমকি।" বাংলাদেশ ভালো লাগে জানিয়ে বলেন, "এখানে এলে আমি আমার শৈশবের গন্ধ পাই। সেই ডুয়ার্সের চা বাগানের দিন গুলির মতো ফুরফুরে মেজাজ ঘুরতে পারি।" বর্তমানে লেখালেখির বিষয় নিয়ে জানতে চাইলে সমরেশ মজুমদার জানান, ১৯৪৬ থেকে ১৯৯১ পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তনের ওপর বই লিখছেন তিনি। বললেন, "এ বইয়ের প্রায় অনেকখানি জুড়েই বাংলাদেশের ইতিহাস থাকবে।" ওহাইয়োর বঙ্গ সম্মেলনের বিষয়ে সমরেশ মজুমদার বললেন, "যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাঙালি প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আসর বসছে।" এতে কলকাতা থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ও অংশ নিচ্ছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/১৩১৯ ঘ.