ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কোনাবাড়ির নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে তিন টহল পুলিশের ওপর হামলা চালিয়ে একটি কার্তুজভর্তি শটগান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের হামলায় নায়েব আলী (৫৬), ও মোশাররফ হোসেন (৫০) নামে পুলিশের দুই কনস্টেবল গুরুতর জখম হয়েছেন। এর মধ্যে নায়েব আলীর অবস্থা আশঙ্কাজনক। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার সময় স্বরুপ আলী নামে অপর কনস্টেবল সরে পড়তে সক্ষম হন।
ঘটনার পরপরই কোনাবাড়ি এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে যৌথবাহিনীর। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেই গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আমির উদ্দিন পরিদর্শন করেন।
কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে কোনাবাড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নায়েব আলী (কনস্টেবল নং ৭৫৪), মোশাররফ হোসেন (কনস্টেবল নং ৭৫০) ও স্বরুপ আলী (কনস্টেবল নং ৭৪১) ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টহল দিচ্ছিলেন।
রাত পৌনে তিনটার সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোনাবাড়ির নতুন বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ২৫/৩০ জনের একদল দুর্বত্ত ধারালো অস্ত্র নিয়ে তিনজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। কনস্টেবল স্বরুপ আলী সরে পড়তে পারলেও দুর্বৃত্তরা নায়েব আলী ও মোশাররফ হোসেনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এ সময় তারা নায়েব আলীর ৫ রাউন্ড কার্তুজ ভর্তি শটগান নিয়ে ঘটনাস্থলের উত্তর দিকে বিলের পাশ দিয়ে পালিয়ে যায়।
পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শুক্রবার সকালে পুলিশ সুপার আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য কোনাবাড়ি এলাকায় চিরুনি অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্দোষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।
হামলাকারীদের প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় কোনো সন্ত্রাসী গ্র"প নাকি চরমপন্থী কোনো সংগঠন হামলা চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬২১ ঘ.
bdnews24