ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পুরানা পল্টন এলাকায় বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুরানা পল্টন লেনের ২৪/১ নম্বর বাড়ির সামনে ৪/৫ জন সন্ত্রাসী ওই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে।
উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, যুবকটির পরনে ছিল কালো প্রিন্টের ফুল শার্ট ও জিন্স প্যান্ট। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় তিনটি গুলি লাগে। পকেটে পাওয়া মোবাইল ফোন থেকে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২১৪৮ ঘ.
bdnews24