২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মানবদেহে বার্ড ফ্লু ভাইরাস

বাংলাদেশে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের প্রথম ঘটনা ধরা পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভাইরাসের নমুনা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার কমলাপুরের বার্ড ফ্লু আক্রান্ত ১৬ মাস বয়সী শিশুটি পুরোপুরি সেরে উঠেছে। এ নিয়ে আতঙ্কের কারণ নেই। জানাচ্ছেন মারুফ মল্লিক ও এহছান লেনিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের প্রথম ঘটনা ধরা পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভাইরাসের নমুনা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার কমলাপুরের বার্ড ফ্লু আক্রান্ত শিশুটি পুরোপুরি সেরে উঠেছে। এ নিয়ে আতঙ্কের কারণ নেই। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ মাস বয়সী শিশুটির দেহে বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা স্বীকার করা হয়। অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের জানুয়ারি মাসে কমলাপুরে বার্ড ফ্লু সংক্রান্ত নিয়মিত পরিবীক্ষণের মাধ্যমে চি‎িহ্নত একটি শিশুকে শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা দেওয়া হয়। ১৪দিন চিকিৎসার পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। শিশুটির রোগসংক্রান্ত নমুনা যুক্তরাষ্ট্রের আটলান্টার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এ পাঠানো হয়েছিল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নমুনা পরীক্ষায় শিশুটির দেহে বার্ড ফ্লু ভাইরাস এইচ৫ এন১ সংক্রমণ হয়েছিল বলে সনাক্ত হয়। পরীক্ষার ফল বুধবার বিকালে সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরকে জানায়। এরপর অধিদপ্তর ও আইসিডিডিআর,বি-র যৌথদল আবারো শিশুটিকে পরীক্ষা করে। এতে দেখা যায় সে সম্পূর্ণ সুস্থ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানুয়ারি মাসে শিশুটি জ্বরে আক্রান্ত হয়। পর্যবেক্ষণের আওতায় দেশের ১২টি হাসপাতালে নিয়মিত রোগীদের জ্বরের নমুনা পরীক্ষা চলছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট এবং আইসিডিডিআর,বি যৌথভাবে এ পর্যবেক্ষণ চালায়। এ কার্যক্রমের আওতায় জানুয়ারিতে কমলাপুর বস্তি থেকে ওই শিশুকে পরীক্ষা করা হয়। তার অ্যাকিউট রেসপাইরেটরি ইনফেকশনের লক্ষণ ছিল। বাড়িতেই শিশুটির চিকিৎসা হয়েছে।" দেশে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা ধরা পড়লেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, "এ রোগ প্রতিরোধের জন্য সারা দেশেই কার্যক্রম আছে। পোল্ট্রি বিভাগের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে যৌথভাবে কাজ করছে। যারা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত মুরগি নিধনে জড়িত তাদের নিয়মিত ওষুধ খাওয়ানোর পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হয়।" রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেন, "কমলাপুরের আক্রান্ত শিশুটির বয়স ১৬ মাস। তার সর্দি-কাশি ছিল। কীভাবে সে বার্ড ফ্লুতে আক্রান্ত হলো তা নিশ্চিত হওয়া যায়নি। এর কারণ খুঁজে দেখা হচ্ছে। জানা গেছে আক্রান্ত হওয়ার আগে তার বাড়িতে জীবিত একটি মুরগি কিনে এনে জবাই করা হয়।" বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ ৩০ এপ্রিল হালনাগাদ করা তথ্য অনুযায়ী গত ১১ বছরে বিশ্বের ১৪ টি দেশে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের ৩৮২টি ঘটনা ধরা পড়েছে। বাংলাদেশ নতুন করে এ তালিকায় যুক্ত হওয়ায় আক্রান্তের নিশ্চিত সংখ্যা ৩৮৩ তে পৌঁছাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে গত ১১ বছরে বার্ড ফ্লু আক্রান্তদের মধ্যে মারা গেছে ২৪১ জন। এরমধ্যে ইন্দোনেশিয়ায় ১০৮, ভিয়েতনামে ৫২, মিশরে ২২, চীনে ২০, থাইল্যান্ডে ১৭, কম্বোডিয়ায় সাত, আজারবাইজানে পাঁচ, তুরস্কে চার, ইরাকে দুই, লাও প্রজাতন্ত্রে দুই এবং নাইজেরিয়ায় ও পাকিস্তানে একজন করে মারা গেছে। এ ছাড়া জিবুতি ও মিয়ানমারে একজন করে এ রোগের ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। ১৯৯৭ সালে সর্ব প্রথম মানবদেহে বার্ড ফ্লু ভাইরাস এইচ৫ এন১ ধরা পড়ে। আগে ধারণা করা হতো ভাইরাসটি কেবল পাখিদেহেই সংক্রমিত হয়। মানবদেহে সংক্রমণের পর এ ভাইরাস ফুসফুসে অবস্থান করে- এমন ধারণাও বদলে যায় ভিয়েতনামে মানবদেহের বিভিন্ন অংশে এ ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়ার পর। থাইল্যান্ডে ও ভিয়েতনামে মানবদেহ থেকে মানবদেহেও বার্ড ফ্লু সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। থাইল্যান্ডে মায়ের দেহ থেকে মেয়ের দেহে এ ভাইরাস সংক্রমিত হয়ে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে জানিয়েছে বিবিসি। 'টামি ফ্লু' ও 'রেলেঞ্জা' নামের দু'ধরনের ওষুধ দিয়ে সীমিতভাবে এ রোগ প্রতিরোধ হতে পারে। এ কারণে রোগের বিস্তার রোধের ওপরই জোর দিচ্ছে বিভিন্ন দেশ। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, বাংলদেশে বার্ড ফ্লুর সংক্রমণ রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১২টি হাসপাতালে জ্বরের নমুনা পরীক্ষা চলছে। সারাদেশে আরও ১৮টি হাসপাতালেও এ কার্যক্রম চালু হবে। হাসপাতাল ছাড়াও কমিউনিটিভিত্তিক নজরদারিও চলছে।" তিনি জানান, হাসপাতালভিত্তিক পর্যবেক্ষণের আওতায় ২০০৭ সালের মে মাস থেকে চলতি বছরের ফেব্র"য়ারি মাস পর্যন্ত ১ হাজার ৪৭৬ জনকে পরীক্ষা করা হয়েছে। এছাড়া ২০০৪ সাল থেকে কমিউনিটিভিত্তিক পর্যবেক্ষণের আওতায় ঢাকায় ২ হাজার ২৩৮ জনের জ্বরের ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। বার্ড ফ্লুর লক্ষণ সম্পর্কে তিনি বলেন, এতে আক্রান্ত হলে হাঁচি-কাশি হয়। পরে শ্বাসকষ্ট দেখা দেয়। সাধারণত আক্রান্ত ব্যক্তির 'কেস হিস্ট্রি' বিশ্লেষণ করলে পোল্ট্রির সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসএনডি/এমএইচবি/২১৪৭ ঘ.