ব্রাহ্মণবাড়িয়া, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সংসদ নির্বাচনে কারচুপি হলে রিটার্নিং কর্মকর্তাসহ কেউ রেহাই পাবেন না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "জাতীয় নির্বাচনের আগেই চারটি সিটি কর্পোরেশন ও পৌর নির্বাচন অনুষ্টিত হবে। আগামী নির্বাচনে কারচুপি হলে রিটার্নিং কর্মকর্তাসহ কাউকে রেহাই দেওয়া হবে না।"
বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচনী আইনে নির্বাচনে দায়িত্ব পালনের সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি। বিশৃংখলা সৃষ্টিকারীদের শুধুমাত্র গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে।"
আগামী সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, "৩৭ বছরেও যুদ্বাপরাধীদের কেউ চিহ্নিত করেনি। বর্তমান নির্বাচন কমিশন যুদ্বাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য করে আইন তৈরি করেছে। তবে যারা আদালতের রায়ে যুদ্বাপরাধী হিসেবে দণ্ডিত হবেন তাদের ক্ষেত্রেই এ আইন প্রযোজ্য হবে।"
সভায় জেলা প্রশাসক মো. আবদুল হাই, পুলিশ সুপার মো. আতাউল কিবরিয়া, যৌথ বাহিনীর উপ-অধিনায়ক মেজর আশরাফ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৩ ঘ.
bdnews24