২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক কয়েদি 'ক্রসফায়ারে' নিহত

চুয়াডাঙ্গা কারাগার থেকে পালিয়ে যাওয়া চার কয়েদির মধ্যে আশিকুর রহমান টগর (৪৫) নামের একজন বৃহস্পতিবার ভোররাতে র‌্যাবের 'ক্রসফায়ারে' নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

কুষ্টিয়া, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা কারাগার থেকে পালিয়ে যাওয়া চার কয়েদির মধ্যে আশিকুর রহমান টগর (৪৫) নামের একজন বৃহস্পতিবার ভোররাতে র‌্যাবের 'ক্রসফায়ারে' নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্যমতে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার পাটিকাবাড়ী গ্রামে র‌্যাব ও পুলিশ সদস্যদের সঙ্গে একদল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধের সময় টগর ক্রসফায়ারে পড়ে নিহত হন। র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আমজাদ জানান, র‌্যাবের একটি বিশেষ দল বুধবার সকাল সাড়ে ১০ টার সময় ঢাকার আশুলিয়া থেকে টগরকে গ্রেপ্তার করে। তাকে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পলাতক অপর দুই কয়েদিকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য র‌্যাব সদস্যরা টগরকে সঙ্গে নিয়ে রাতে অভিযানে বের হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশও র‌্যাবের সঙ্গে যোগ দেয়। মেজর আমজাদ দাবি করেন, রাত পৌনে ৩ টার দিকে র‌্যাব ও পুলিশ সদস্যরা পাটিকাবাড়ী গ্রামের তাহাজ মোড়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাব ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেঁধে যায়। এক পর্যায়ে অন্য সন্ত্রাসীরা পালাতে শুরু করে। এসময় ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হন টগর। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা জানান তিনি মারা গেছেন। র‌্যাব ও পুলিশের দলটি ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। র‌্যাব কর্মকর্তা জানান, কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকার আব্দুর রহমানের ছেলে আশিকুর রহমান টগর পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। টগর চুয়াডাঙ্গা কারাগারে ৫০ বছরের সাজা ভোগ করছিলেন। ১৬ মে ভোর রাতে কারাকক্ষের দেয়াল ভেঙে এবং কারাগারের প্রাচীর টপকে টগরসহ চার কয়েদি পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে আব্দুল হামিদ নামের একজন পরদিন গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৮ ঘ.