ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশন সংবিধান লংঘন করেছে বলে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে কাজের কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার রায়ের পর তাৎক্ষণিকভাবে বলেন, "হাইকোর্টের রায়ের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসির) আইনজীবীর কাছে জেনেছি। এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়েও আদালতের রায় রয়েছে। তাই আজকের রায়ে নির্বাচন কমিশনের কাজে কোনো অসুবিধা হবে না।"
নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "৯০ দিন অনেক আগে পার হয়ে গেছে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার বিষয়ে আদালতের একটি রায় রয়েছে। তাতে বলা হয়, আধুনিক প্রযুক্তি দিয়ে ভোটার তালিকা করতে যত সময় লাগে তা নিতে হবে এবং যা দিয়ে যেনতেন নির্বাচন নয়, বরং একটি সুষ্ঠু নির্বাচন হবে। হাইকোর্টের এ রায়ে আমাদের কাজে কোনো অসুবিধা হচ্ছে না, আগামীতেও হবে না।"
জাতীয় সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন না করে নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
৯০ দিনের মধ্যে নির্বাচন না করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের নিষ্পত্তি করে বৃহস্পতিবার বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
তবে রায়ের পর্যবেক্ষণে আদালত নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা যৌক্তিক বলে অভিমত দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৬১০ঘ.
bdnews24