ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প ব্যাংকের ঋণ মওকুফ সংক্রান্ত দুর্নীতি মামলায় জাতীয় পার্টি নেতা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদসহ ছয় আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় অভিযুক্তদের খালাসের এ রায় দেন ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক মো: গোলাম মর্তুজা মজুমদার।
এসময় এরশাদ ছাড়াও মামলার অন্যতম অভিযুক্ত ফিরোজ কবির এবং বোরহানউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর অভিযুক্ত শিল্প ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান অন্য এক মামলায় কারাবন্দি একেএম মোশাররফ হোসেনকেও কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
এ মামলার অপর আসামি জাহাঙ্গীর কবির এবং তার স্ত্রী নুরুন্নাহার শেলী পলাতক রয়েছেন। তাদেরকেও খালাস দেওয়া হয়েছে।
বিচারক রায়ে উল্লেখ করেন, "অভিযুক্তদের বিরুদ্ধে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া গেল।"
রায় শুনে এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ন্যায়বিচার পেয়েছি। বিগত সরকারগুলো আমাকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করেই তাদের দেওয়া প্রতিশ্র"তি ভঙ্গ করে একের পর এক মিথ্যা মামলা করেছিল।"
বিচারাধীন বাকি মামলাগুলোতেও খালাস পাওয়ার আশাবাদ প্রকাশ করেন এরশাদ।
মামলার রায়ে সন্তেুাষ প্রকাশ করে মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"এরশাদকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে এবং আমাকে ছাড়া তাকে জড়ানো যায়না বলে আমাকেও জড়ানো হয়েছিল।"
এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরশাদের বিরুদ্ধে বর্তমানে ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং (ইএনজি) যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা, সিপিবির মিছিলে হামলার মামলা এবং মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলা বিচারাধীন রয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা হাইকোর্টে স্থগিত রয়েছে।"
সিরাজুল ইসলাম আরো জানান, এই আদালতেই (ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালত) এরশাদের বিরুদ্ধে আরো একটি মামলা বিচারাধীন। সেটি হল ৮৯টি উপজেলায় ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলা।
এরশাদের বিরুদ্ধে লন্ডনে টাকা পাচার সংক্রান্ত দুর্নীতি মামলা তদন্তাধীন রয়েছে বলে এরশাদের আইনজীবী জানান।
এর আগে এ মামলার রায় দু'বার পিছিয়ে দেওয়া হয়।
থ্রি স্টার পোলট্রি ফার্মের মালিক জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলীর নামে নেওয়া শিল্প ব্যাংকের ৩৫ লাখ টাকা ঋণ মওকুফের অভিযোগে ১৯৯১ সালের ২২ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা গোলাম মতুর্জা মতিঝিল থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা ফিরোজ কবির, বোরহান উদ্দিন এবং ফিরোজ কবিরের ভাই থ্রি স্টার পোলট্রি ফার্মের মালিক জাহাঙ্গীর কবির ও তার স্ত্রী নূরুন্নাহার শেলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসকে/১৪২১ঘ.
bdnews24