ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে বুধবার ভোরে গ্রেপ্তার হওয়া একজনকে চুয়াডাঙ্গা জেলা কারাগার ভেঙে পালানো কয়েদি আশিকুর রহমান টগর বলে ধারণা করছে র্যাব।
কুষ্টিয়া ক্যাম্পের র্যাব সদস্যরা বুধবার সকালে ঢাকার কোনো এক স্থান থেকে তাকে আটক করে। তাকে কুষ্টিয়া নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক জানান র্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক বখতিয়ার আলম।
গত ১৬ মে ভোররাতে চুয়াডাঙ্গা জেলা কারাগারের সেলের দেয়াল ভেঙে ও প্রাচীর টপকে টগরসহ দীর্ঘ মেয়াদে সাজাপাওয়া চার কয়েদি পালিয়ে যায়। এদের মধ্যে এক কয়েদি আব্দুল হামিদকে এরইমধ্যে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বখতিয়ার আলম বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কুষ্টিয়া ক্যাম্পের একটি দল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে একজনকে আটক করে। সে জেল ভেঙে পালানো আশিকুর রহমান টগর বলে আমরা অনেকটাই নিশ্চিত।"
নৈশকোচে ভোরে ঢাকায় পৌঁছানোর পরপরই তাকে গ্রেপ্তারের করা হয় জানিয়ে র্যাব অধিনায়ক বলেন, "এরপর তাকে সিরাজগঞ্জে ব্যাটালিয়ন সদরদপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদের চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার সোর্সও তাকে টগর বলে নিশ্চিত করেছে।"
জেলে টগরের মুখে দাড়ি এবং লম্বা চুল ছিল। কিন্তু তাকে ক্লিন শেভড অবস্থায় গ্রেপ্তার করা হয় বলে জানান বখতিয়ার আলম। তিনি বলেন, টগর চুলের স্টাইলও পাল্টে ফেলেছে।
কুষ্টিয়া ক্যাম্পে তাকে আরো জিজ্ঞাসাবাদের পাশাপাশি সোর্স দিয়ে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানান র্যাব অধিনায়ক।
গত ১৬ মে চুয়াডাঙ্গা কারাগার থেকে আশিকুর রহমান টগরসহ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য আক্তারুজ্জামান সোহাগ, চরমপন্থী নেতা আব্দুল হামিদ ও জুরাত আলী বাচ্চু (৪৩) পালিয়ে যায়। টগর ৫০ বছর, সোহাগ ৮০ বছর, হামিদ ৪৪ বছর ও বাচ্চু ৭০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএইচবি/২৩০৭ ঘ.
bdnews24