ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলার আসামি হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম নাজিমউল্লাহ চৌধুরীর মেয়াদ ১ মাস ৯ দিন বাড়িয়েছে সরকার।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নাজিমউল্লাহ চৌধুরীর চাকরির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ২১ মে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
দুর্নীতি দমন কমিশন গত ১৪ মে শাহবাগ থানায় নাজিমউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এতে তার বিরুদ্ধে দূতাবাসের জন্য বাড়ি ভাড়া করা, আসবাবপত্র কেনা ও মালি নিয়োগে দুর্নীতির অভিযোগ আনা হয়।
এই দুর্নীতির মাধ্যমে নাজিমউল্লাহ রাষ্ট্রের ২১ লাখ টাকার ক্ষতি করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নাজমুল কাওনাইনের নাম ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24