সাতক্ষীরা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনন্দ কুমার বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে বুধবার মামলা হয়েছে।
সাতক্ষীরা অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম মো. নাসিম রেজার আদালতে দুপুরে মামলাটি করেন স্থানীয আব্দুস সালাম সরদার। এতে অন্য দুই আসামি হলেন- আশাশুনি উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. মোস্তফা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জতীন্দ্রনাথ সরকার।
বিচারক ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা দুর্নীতি দমন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, আব্দুস সালাম ২০০৭ সালের ২৬ ডিসেম্বর একখণ্ড খাসজমি ইজারা নেওয়ার জন্য আশাশুনি সহকারী কমিশনারের (ভূমি) চলতি দায়িত্বে থাকা ইউএনও আনন্দ কুমার বিশ্বাসের বরাবর আবেদন করেন। ওই দিনই মামলার অন্য দুই আসামি ইউএনওকে দেওয়ার জন্য বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ চান। পরদিন আব্দুস সালাম ওই টাকা দেন।
অভিযোগে বলা হয়, বাদী জানতে পেরেছেন ওই খাসজমি অন্য একজনকে ইজারা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১০২ ঘ.
bdnews24