২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি বাসের ভাড়া নির্ধারণে কমিটি

সিএনজি চালিত বাসের ভাড়া ঠিক করতে কমিটি করেছে সরকার। পাঁচ কর্মদিবসের মধ্যে তারা সুপারিশ জমা দেবে। সিএনজি চালিত বাস মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানির নেতাদের সঙ্গে বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের এতে সভাপতিত্ব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি চালিত বাসের ভাড়া ঠিক করতে কমিটি করেছে সরকার। পাঁচ কর্মদিবসের মধ্যে তারা সুপারিশ জমা দেবে। সিএনজি চালিত বাস মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানির নেতাদের সঙ্গে বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের এতে সভাপতিত্ব করেন। ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক এ বি এম শাহজাহানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্যরা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের পরিচালক (কারিগরি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (প্রকৌশল), যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিবহন), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রকৌশল), অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানির সভাপতি মো. রফিকুল হোসেন কাজল, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল ও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কোষাধ্যক্ষ এ এম আহমেদ খোকন। সভা শেষে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ড. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "আমরা ভাড়ার নতুন কোনো রেট নির্ধারণ করিনি। এজন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশ জমা দেবে।" তিনি জানান বিআরটিএ এর সুপারিশ বাস মালিকরা গ্রহণ করেনি। সরকার যাত্রী ও বাসমালিক সবার দিকটিই বিবেচনা করবে। অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানির সভাপতি খন্দকার রফিকুল হোসেন কাজল বলেন, "প্রথম থেকেই সিএনজি চালিত বাসের ভাড়া নির্ধারণ করা হয়নি। কমিটি এখন সিএনজি চালিত বাসের পরিচালনা ব্যয় নির্ধারণ করবে। এরপর ভাড়া নির্ধারণ করা হবে।" সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ, সিটি কর্পোরেশন, বিআরটিএ, বিআরটিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৪ এপ্রিল সিএনজির দাম দ্বিগুণ করে সরকার। এরপর সিএনজি চালিত অটোরিক্সা ও ট্যাক্সি ক্যাবের ভাড়া পুননির্ধারণ করা হলেও বাসের ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৮৪০ ঘ.