২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে' দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। তবে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে কিনা সে ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 10:20 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। তবে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে কিনা সে ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলেননি তিনি। তিনি বলেছেন, এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এম এ মতিন বলেন, "বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আরো উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।" এ অবস্থায় জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, "সেটি সরকার সিদ্ধান্ত নেবে।" সীমান্তে বিডিআর বিএসএফের মধ্যে গোলাগুলি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে দু'পক্ষে আলোচনা চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।" সংলাপে অংশ নেওয়ার জন্য দুই নেত্রীকে মুক্তি দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আপনাদের সঙ্গে কথা বলার জন্য সচিব সাহেব (স্বরাষ্ট্র সচিব) কনফারেন্স রুমে অপেক্ষা করছেন।" স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিমও দুই নেত্রীর মুক্তির বিষয়টি এড়িয়ে যান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একই কথা বললেন তিনিও। বললেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।" পাশপাশি তিনি এও স্বীকার করে নিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বৈঠকের একটি সূত্র জানিয়েছে, মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ধর্ষণ ও পুলিশের ওপর আক্রমণের ঘটনা বেড়েছে। আবদুল করিম জানান, বাগমারাতে পুলিশের ওপর আক্রমণের ঘটনায় এ পর্যন্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। লুণ্ঠিত অস্ত্রও উদ্ধার হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি বস্তি ও দোকান উচ্ছেদ করার বিষয়ে তিনি জানান, বৈঠকে মহাখালীর করাইল এলাকায় ৪৭ একর সরকারি জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা বস্তিঘর উচ্ছেদের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া মিরপুর এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৬টি প্লটে অবৈধভাবে বাস করা পরিবারকে উচ্ছেদ করা হবে। পাশাপাশি পাসপোর্ট অফিসের পাশে ৫২টি দোকান উচ্ছেদ করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়েছে। আদমজী জুট মিল এলাকার ইপিজেড এ বসবাসরত ৪৫০টি অবাঙালি পরিবারকে অন্যত্র স্থানান্তর করার কথা জানিয়ে তিনি বলেন, "এ ব্যাপারে ইপিজেড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া চট্টগ্রাম এলাকায় বিভিন্ন অবৈধ বস্তি উচ্ছেদের ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে।" আবদুল করিম জানান, আগের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ভিভিআইপিদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী উদযাপন করা যাবে। এক্ষেত্রে কাঙালিভোজ এতিমখানার ভেতরে করতে হবে। এছাড়াও মসজিদে দোয়া মাহফিলও করা যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে পুলিশের মহাপরির্দশ (আইজিপি), বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালকসহ আইন-শৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএআর/এএল/এমএ/১৬১০ ঘ.