২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় এসিড নিক্ষেপের দায়ে সাতজনের ১৪ বছর কারাদণ্ড

এসিড নিক্ষেপের দায়ে ভোলার একটি আদালত সাতজনের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 05:58 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ভোলা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড নিক্ষেপের দায়ে ভোলার একটি আদালত সাতজনের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছে। এরা হলেন- রুহুল আমিন, আবদুল জলিল, আবদুল মুনাফ, মো. সুমন, মো. ইউনুস, মো. মোস্তফা ও বাবুল। ভোলার জেলা ও দায়রা জজ এবং এসিড অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ ইদ্রিস আলম মঙ্গলবার এ রায় দেন। এছাড়া এ মামলায় পুলিশের তিন উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন, রনজিৎ ও মাহফুজ আইনগত যুক্তি প্রদর্শন না করে তদন্ত প্রতিবেদন দাখিল করায় তারা কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে বিচারক রায়ের কপি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৬ নভেম্বর রাত তিনটার দিকে ভোলার লালমোহন উপজেলার পাংগাসিয়া গ্রামের গৃহবধু রওশন আরা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হওয়ার সময় আসামিরা তার ওপর এসিড নিক্ষেপ করে। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরদিন ১৭ নভেম্বর রওশন আরার স্বামী নজির আহম্মদ লালমোহন থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমএইচবি/২১৪৯ ঘ.