মানিকগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক এনে দিতে অস্বীকার করায় সোমবার হরিরামপুর উপজেলার পূর্ব সাকুচিয়া গ্রামে সাহেদা (২৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
সাহেদার স্বামী মোস্তাফিজুর রহমান (৩০) এবং শ্বশুর ওমর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, "সোমবার রাতে সাহেদাকে তার স্বামী শারীরিক নির্যাতন করে। তার মৃত্যু এ কারণে ঘটতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।"
তিনি জানান, এ ব্যাপারে সাহেদার মামা হিরণ বিশ্বাস বাদী হয়ে মঙ্গলবার হরিরামপুর থানায় স্বামী ও শশুরসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
হিরণ বিশ্বাস জানান, তিন বছর আগে মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাহেদার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোস্তাফিজ স্ত্রীকে তার বাবার কাছ থেকে টাকা এনে দিতে বলত। কিন্তু সাহেদা টাকা এনে দিত না বলে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। সোমবার রাত সোয়া তিনটার দিকে এমনই ঝগড়ার এক পর্যায়ে মোস্তাফিজ সাহেদাকে নির্মমভাবে পেটায়। সাহেদা মারা গেলে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করে তারা।
সাহেদার মামা আরও জানান, সাহেদার বাবা দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করেন। এ কারণে মাঝে মধ্যেই সাহেদার স্বামী টাকা দাবি করত। টাকা না দিলেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত।
মোস্তাফিজুর রহমানের বাড়ি হরিরামপুর উপজেলার পূর্ব সাকুচিয়া গ্রামে এবং সাহেদার বাড়ি সুলতানপুর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২১৩৮ ঘ.
bdnews24