২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানীর বনানী থেকে সোমবার রাতে পুলিশ মো. আলাউদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 04:31 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী থেকে সোমবার রাতে পুলিশ মো. আলাউদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। নিহতের মাথাসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আলাউদ্দিন পেশায় ঠিকাদার এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কমিটির সদস্য ছিলেন। তিনি স্বপরিবারের পল্লবী ছয় নাম্বার সেকশনে থাকতেন। গুলশান থানার উপ-পরিদর্শক রিপন কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে বনানী বিদ্যানিকেতন স্কুলের পাশের রাস্তার ওপর থেকে আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপন কুমার বলেন, "ছিনতাইকারীরা পিটিয়ে হত্যার পর চলন্ত গাড়ি থেকে আলাউদ্দিনকে ফেলে দেয় বলে আমার ধারণা করছি।" নিহতের ছেলে বাহারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে তার বাবা বাসা থেকে বের হন। তার কাছে একটি মোবাইলফোন সেট, পাসপোর্ট ও কিছু টাকা ছিল। হত্যার কারণ সম্পর্কে কোনো ধারণা করতে পারছেন না বাহারউদ্দিন। এ ব্যাপারে পুলিশ একটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২২২৯ ঘ.