গাজীপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলের জমি অবৈধভাবে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী এম শামসুল ইসলাম, সাবেক বনমন্ত্রী শাহজাহান সিরাজের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. খায়রুল হুদা জয়দেবপুর থানায় মামলা দুটি দায়ের করেন। দুটি মামলায় দুই মন্ত্রী ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনসহ আটজন আসামি করা হয়েছে।
এর মধ্যে ওরিয়ন মাশরুম লিমিটেডের নামে ১৩ একর জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগে করা মামলায় ওই তিনজন ছাড়া ওরিয়ন মাশরুমের ব্যাস্থাপনা পরিচারক মো. ওবায়দুল করিম, গাজীপুরের সাবেক জেলা প্রশাসক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বর্তমান সদস্য এম রফিকুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আজাদ রুহুল আমিন, শাহজাহান সিরাজের ছেলে রাজিব সিরাজ অপুকে আসামি করা হয়ছে।
গ্রিন হাউজ অর্গানিক ফার্মস লিমিটেডের নামে ১০.৭৫ একর জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগে করা অপর মামলায় সাবেক ভূমিমন্ত্রী এম শামুসল ইসলাম, বনমন্ত্রী শাহজাহান সিরাজ ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে আসামি করা হয়েছে। এ মামলায় বাকী আসামিরা হলেন- গ্রিন হাউজ অর্গানিক ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক এম মুজিবুল হক এবং প্রথম মামলার আসামি ওবায়দুল করিম ছাড়া আর সবাই।
প্রথম মামলায় অভিযোগ করা হয়, ওরিয়ন মাশরুমের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল করিম অপর আসামিদের যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে সরকারের গেজেট নোটিফিকেশনকৃত গাজীপুর সদর উপজেলার ভাওয়াল জাতীয় উদ্যানের বনভূমির ১৩ একর জমি অবৈধভাবে চিরস্থায়ী বন্দোবস্তু নেন।
ওবায়দুল করিম তার কাল্পনিক প্রতিষ্ঠান ওরিয়ন মাশরুম লিমিটেডের এর অনুকূলে ২০০২ সালের ৪ আগস্ট জমির তফসিল উল্লেখ না করে গাজীপুরে একখণ্ড জমি বরাদ্দের আবেদন করেন। অথচ এ নামে ওই সময় কোন প্রতিষ্ঠানের আইনি অস্তিত্ব ছিল না।
অপর মামলার অভিযোগে বলা হয়, গ্রিন হাউজ অর্গানিক ফার্মস লিমিটেডের নামে একটি ভূয়া প্রতিষ্ঠান একইভাবে অপর আসামিদের যোগসাজশে ভাওয়াল জাতীয় উদ্যানের ১০.৭৫ একর জমি অবৈধভাবে চিরস্থায়ী বন্দোবস্ত নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24