২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায় বিচারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে: এরিকা বার্কস-রাগল্স

আসন্ন সংলাপে কয়েকজন বন্দি রাজনীতিকের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক উপ-সহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগল্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আসন্ন সংলাপে কয়েকজন বন্দি রাজনীতিকের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক উপ-সহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগল্স। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে এক বৈঠক শেষে বার্কস-রাগল্স সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আটক কিছু বড় রাজনীতিবিদের প্রসঙ্গেও কথা হয়েছে।" মার্কিন কর্মকর্তা কোনো রাজনীতিবিদের নাম উল্লেখ করেননি। তিনি আরও বলেন, "এখানে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে আমরা সচেতন। এ ব্যাপারে আমরা সব সময় সরকারের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি।" 'সব বাংলাদেশীর জন্য' ন্যায়বিচার নিশ্চিত করতে সুশাসনের ভিত্তি কীভাবে আরো শক্তিশালী করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তাটি। মানবাধিকার রক্ষা ও দুর্নীতি দমন অভিযানও বৈঠকে স্থান পেয়েছে বলে জানান বার্কস-রাগেলস। খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তির বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "ছোটো বা বড় মাপের যে কোনো আটক ব্যক্তিরই স্বচ্ছ বিচার প্রক্রিয়া ও ন্যায় বিচার পাবার নিশ্চয়তার প্রয়োজনীতার বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।" এর আগে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন ও শ্রম উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে বৈঠক করেন। বার্কস-রাগেলসের এ বৈঠক শেষ হওয়ার পর মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যুক্তরাষ্ট্র ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান উপদেষ্টার ঘোষণাকে সমর্থন জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২১৩২ঘ.