ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা সাব্বির হত্যার দায় থেকে কোম্পানির চেয়ারম্যান ও তার ছেলেকে বাঁচানোর জন্য ঘুষ গ্রহণের অভিযোগে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনের বিরুদ্ধে মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলার নথি সংসদ ভবনের তিন নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দেন।
তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শাহেদ নুর উদ্দিন মামলাটির বিচার করবেন। এ মামলার অন্য আসামিরা হচ্ছেন বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার দুই ছেলে সাফায়েত সোবহান সানবীর এবং সাদাত সোবহান, ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভলপমেন্টের পরিচালক আবু সুফিয়ান, তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া নূর উদ্দিন অপু ও জি. কিউ বল পেনের সত্ত্বাধিকারী কাজী সালিমুল হক কামাল। এদের মধ্যে গ্রেপ্তার তারেক,বাবর ও আবু সুফিয়ান ছাড়া অন্য পাঁচজনকে পলাতক দেখিয়ে গেজেট প্রজ্ঞাপন হওয়ার পর বিচারক আজিজুল হক মামলা বদলির এই আদেশ দিলেন।
পলাতক এ ৫ জনের বিরুদ্ধে গত ৭ মে একই বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়।
গত বছরের ৪ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া দুদকের এ মামলায় গত ৬ মে অভিযুক্ত ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা। তিনি নিজে এ মামলার বাদি।
২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির গুলশানে খুন হন। ৭ জুলাই গুলশান থানায় হত্যা মামলা দায়ের হয়।
ওই ঘটনায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সহ কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানায় পুলিশ।
শাহ আলম তার ছেলে সানবীরকে মামলার দায় থেকে বাঁচানোর জন্য তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের শরণাপন্ন হন। তারা এজন্য ২১ কোটি টাকা ঘুষ নেন বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯৫২ঘ.
bdnews24