২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলার বৈধতা চ্যালেঞ্জ রিটের চূড়ান্ত শুনানির আবেদন

নির্ধারিত সময়ে বিচার শেষ না করায় ভাসমান বিদ্যুৎকেন্দ্র মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণের জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে বিচার শেষ না করায় ভাসমান বিদ্যুৎকেন্দ্র মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণের জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চে মঙ্গলবার হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ চূড়ান্ত শুনানির দিন নির্ধারণের আবেদন জানান। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আদালত বুধবার দিন নির্ধারণ করেছে। ভাসমান বিদ্যুৎকেন্দ্র মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মে সরকার, দুর্নীতি দমন কমিশন ও ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের প্রতি রুল জারি করে হাইকোর্ট। মামলার বিচার কার্যক্রমকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা আট দিনের মধ্যে জানানোর নির্দেশ দেয় আদালত। তবে নিু আদালতের মামলাটির বিচার চলার ওপর তখন কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। আইন অনুযায়ী ভাসমান বিদ্যুৎকেন্দ্র মামলাটি বিচারের জন্য আমলে নেওয়ার ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার কথা। কিন্তু গত ১৩ মার্চ ওই সময়সীমা শেষ হয়ে গেছে। এজন্য গত ১১ মে মামলার বিচার কার্যক্রম চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. তৌফিক ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মাহমুদ কামাল, সামিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আজিজ খান, পরিচালক মোহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদ। গত বছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। চলতি বছরের ১৩ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ওইদিনই মামলাটি বিচারের জন্য আমলে নেন ঢাকার ১ নং বিশেষ জজ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৮৩০ ঘ.