২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ আদালতে আবেদন থাকা অবস্থায় গ্রেপ্তারে সতর্ক থাকুন: সুপ্রিম কোর্ট

উচ্চ আদালতে জামিনের আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় গ্রেপ্তারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পুলিশকে বলেছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 08:49 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে জামিনের আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় গ্রেপ্তারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পুলিশকে বলেছে সুপ্রিম কোর্ট। গ্যাটকো মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার আপিল বিভাগ তার পর্যবেক্ষণে এ নির্দেশনা দেয়। তবে নিজামীকে গ্রেপ্তার করায় তার আগাম জামিন সংক্রান্ত ওই আবেদন কার্যকারিতা হারায়। গত ১৮ মে গ্যাটকো দুর্নীতি নিজামীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে নিজামী তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেন। সুপ্রিম কোর্টের চেম্বার জজ ওই আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। তবে ওই রাতেই নিজামীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবার নিজামীর আপিল আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে নিজামীর কৌঁসুলী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, "হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিজামীর আপিল বিবেচনায় থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এটা আদালত অবমাননার সামিল। আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুলিশের অপেক্ষা করা উচিত ছিল।" এ ধরনের গ্রেপ্তার আইনের শাসন ও সাংবিধানিক চেতনার পরিপন্থী দাবি করে এ বিষয়ে আদালতের নির্দেশনা চান ব্যারিস্টার রাজ্জাক। একইসঙ্গে তিনি বলেন, "নিজামীকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, তাই এখন আর আগাম জামিনের সুযোগ নেই।" আদেশের পর ব্যারিস্টার রাজ্জাক সাংবাদিকদের বলেন, "জামিনের আবেদন উচ্চ আদালতে বিবেচনাধীন থাকা অবস্থায় কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে সাবধানতা অবলম্বন করার জন্য আদালত পর্যবেক্ষণ দিয়েছেন।" সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল শুনানির সময় উপস্থিত ছিলেন। গত ১৫ মে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ১৩ মে গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া, সাইফুর রহমান, মান্নান ভূইয়া, মতিউর রহমান নিজামীসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। এ মামলায় খালেদা জিয়ার মন্ত্রিসভার নয় জন মন্ত্রীকে আসামি করা হয়েছে। গত বছরের ২ সেপ্টেম্বর রাতে দুর্নীতি দমন দমন কমিশনের উপ পরিচালক মো. জহিরুল হুদা তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলা করার পরদিনই খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান ও অন্যদের লাভবান করতে ক্ষমতার অপব্যবহার করে কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি (গ্যাটকো) কে পাইয়ে দিয়ে সরকারের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার টাকার ক্ষতি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এমআই/১৪৪৬ ঘ.