২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো দুর্নীতি মামলা খারিজে খালেদার আবেদন অপর একটি বেঞ্চে দায়ের

নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনটির শুনানিতে হাইকোর্টের একটি বেঞ্চ বিব্রতবোধ করায় অপর একটি বেঞ্চে তা দায়ের করা হয়েছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 08:14 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নাইকো দুর্নীতি মামলা খারিজের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনটির শুনানিতে হাইকোর্টের একটি বেঞ্চ বিব্রতবোধ করায় অপর একটি বেঞ্চে তা দায়ের করা হয়েছে। (আরও তথ্যসহ-১) মঙ্গলবার খালেদা জিয়ার কৌসুলী ব্যারিস্টার নওশাদ জমির আবেদনটি বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আবেদন জানান। ওই আদালত বুধবার এ আবেদনটির ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন। এর আগে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মোঃ ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করেন। খালেদার কৌসুলী ব্যারিস্টার নওশাদ জামির মামলা বাতিলের এ আবেদনটি সকাল ১১টায় শুনানির জন্য উপস্থাপন করলে আদালত বলেন, "এই বেঞ্চের একজন বিচারপতি এ আবেদনের ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন।" এ পর্যায়ে ব্যারিস্টার নওশাদ হাইকোর্টের অপর কোন বেঞ্চে শুনানির জন্য আবেদনটি ফেরত দিতে আদালতের কাছে অনুমতি চান। এ পর্যায়ে আদালত প্রয়োজনীয় অনুমতি দিয়ে আবেদনটি ফেরত দেন। গত ১৮ মে বেগম খালেদা জিয়া নাইকো মামলা খারিজের জন্য এ আবেদনটি দায়ের করেন। গত ৫ মে নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭শ ৭৭ কোটি টাকা টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। গত বছর ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ক্যানাডীয় কোম্পানী নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৪১০ ঘ.