ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো মামলা বাতিলের জন্য খালেদা জিয়ার আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও মোঃ ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ খালেদার আবেদনের শুনানিতে বিব্রত বোধ করেন।
খালেদার কৌঁসুলিরা আদালতের অনুমতি নিয়ে আবেদনটি ফেরত নিয়ে আসেন।
গত ১৮ মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানান।
কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তি করার মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করার অভিযোগে গতবছর ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন।
কমিশন গত ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/জিএনএ/১১২৫ ঘ.
bdnews24