বগুড়া, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ-কাঞ্চনপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মঙ্গলবার ভোর রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। (আরও তথ্যসহ)
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুরের পীরগঞ্জ থানার মজিদপুর গ্রামের ওহেদুলের ছেলে পলাশ (২৮) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের তমিজউদ্দীনের ছেলে আলী রেজা (৩৯)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত ২টার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক (ফেনী ট ০২-০১১৯) এবং ঢাকা থেকে গাইবান্ধাগামী মুক্তিযোদ্ধা কল্যাণ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের (ঢাকা মেট্রো ব-১৪-২২৫০) মুখোমুখি সংঘর্ষ হয়।"
তিনি জানান, ঘটনাস্থলেই তিন মহিলাসহ আটজন মারা গেছেন। আহতদের কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক শিশুসহ আরও তিনজন মারা যান। নিহতদের মধ্যে সাতজনই বাসযাত্রী।
জিয়াউর রহমান মেডিকেল কলেজে আরও ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। আহত ২৫ জনকে ভর্তি করা হয়েছে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
ওসি আরও জানান, দুর্ঘটনার সময় বাসটি সাইদুল নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লে বাড়িটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মধ্যরাতেই ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।
এদিকে, লাশ সনাক্ত করতে বগুড়ার শিবগঞ্জ থানাসহ গাইবান্ধা ও রংপুরের সকল থানায় তারবার্তা পাঠানো হয়েছে। তাতে জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি সাধারণের মধ্যে প্রচার করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএআর/জিএনএ/১৫৪১ ঘ.
bdnews24