ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আরও আটটি থানা হচ্ছে। এসব নতুন থানার কার্যক্রম শুরু হলে মহানগরীতে থানার সংখ্যা হবে ৪১।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক (এপ্রিল) অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিক সম্মেলনে ডিএমপি কমিশনার নাঈম আহমেদ এ তথ্য জানান।
রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম মিলনায়তনে এ সভা ও সংবাদ সম্মেলন হয়।
কমিশনার জানান, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দারুস সালাম, বংশাল, কলাবাগান, চকবাজার, কদমতলা, রামপুরা, গেন্ডারিয়া ও শেরে বাংলানগরে এই আটটি নতুন থানা হচ্ছে। এসব থানার জন্য বাড়ি খোঁজাও শুরু হয়েছে।
নাঈম আহমেদ বলেন, "থানার জন্য বাড়ি ভাড়া পাওয়া একটি সমস্যা। বাড়ি পাওয়া গেলেই সব থানার কার্যক্রম শুরু হবে।"
মহানগরীর অপরাধ প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, "প্রতারণা ও জালিয়াতির মতো অপরাধ কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এসব অপরাধ দিনে দিনে জটিল আকার ধারণ করেছে। এ ধরনের অপরাধীদের ধরতে একটি বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। এক্ষেত্রে যেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে সেগুলো হলো- বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা, ভুয়া বিজ্ঞাপন ও ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠান, ভুয়া ক্লিনিক-ডাক্তার, হার্বাল মেডিসিন, ভুয়া জমির মালিক ও দালাল, ছদ্মবেশে প্রতারণা, আর্থিক প্রতিষ্ঠানে প্রতারণা, ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে প্রতারণা এবং ভুয়া শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে প্রতারণার অভিযোগ।"
গত এপ্রিল মাসে রাজধানীর অপরাধ পরিস্থিতির উল্লেখ করে কমিশনার জানান, ওই মাসে ২৫টি খুনের ঘটনা ঘটেছে। এতে ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি হয়েছে ছয়টি। আর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ১০০টি। এছাড়া এপ্রিল মাসে ৬২টি গাড়ি চুরির মামলা হয়েছে। এর মধ্যে ৩০টি গাড়ি উদ্ধার করা হয়েছে।
ছিনতাই প্রসঙ্গে কমিশনার বলেন, "ছিনতাই একটি পেশা। ছিনতাইকারীরা যতক্ষণ কারাগারের বাইরে থাকবে ততক্ষণ তারা এ কাজ করবে। মাদক আসক্তিও ছিনতাইয়ের অন্যতম কারণ।"
সামগ্রিক বিবেচনায় রাজধানীর অপরাধ প্রবণতা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন কমিশনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২১২৯ ঘ.
bdnews24