২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রেপ্তারের সময়তো শেষ হয়ে যায়নি'

গ্যাটকো দুর্নীতি মামলায় পরোয়ানাভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নাঈম আহমেদ বলেছেন, "গ্রেপ্তারের সময়তো শেষ হয়ে যায়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় পরোয়ানাভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নাঈম আহমেদ বলেছেন, "গ্রেপ্তারের সময়তো শেষ হয়ে যায়নি।" সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক (এপ্রিল) অপরাধ পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কমিশনার বলেন, "যা হয়েছে, সবই আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে হয়েছে। যথা সময়ে সব পরোয়ানা তামিল করা হবে।" আদালত গত বৃহস্পতিবার পরোয়ানা জারি করলেও পুলিশ পদক্ষেপ নিতে তিন দিন দেরি করল কেন- এ প্রশ্নে তিনি বলেন, "শেষ পর্যন্ত তো পরোয়ানা তামিল হয়েছে।" পরোয়ানাভুক্ত আসামি সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে উধাও হয়ে গেলেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এম কে আনোয়ার কৌশলে গ্রেপ্তার এড়িয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে।" তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ২২ মে পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে। রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম মিলনায়তনে সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক গত ১৫ মে গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের সম্পত্তি জব্দের আদেশ দেন। ওই দিনই আদালতের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানাগুলোতে পরোয়ানার কাগজ পাঠিয়ে দেয়া হয়। এরপর রোববার রাতে আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। মোট ছয় জনের বাসায় অভিযান চললেও কেবল জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে তার মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বাকিদের কাউকেই বাসায় পায়নি পুলিশ। এ মামলার দুই আসামি শামসুল ইসলাম ও আবদুল মান্নান ভূঁইয়া রোববার আত্মসমর্পণ করলে তাদের আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২১১৬ ঘ.