ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত চেয়েছে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। অন্যদিকে, সেক্টর কমান্ডারস ফোরাম নিজামীসহ সব যুদ্ধাপরাধীর বিচারের জন্য অবিলম্বে বিশেষ ট্রাইবুন্যাল গঠনের দাবি জানিয়েছে।
ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডা. এম এ হাসান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিজামীর বিরুদ্ধে ১৯৭১ ও তার পরবর্তী সময়ে অনেক অভিযোগ রয়েছে। দুর্নীতির অভিযোগে এখন তাকে গ্রেপ্তার করা হলেও অতীতের সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করতে হবে।"
জেলে যাওয়ার পর বেকসুর খালাস পেয়ে নিজামী বেরিয়ে এলে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব পড়বে মন্তব্য করে তিনি বলেন, "দুর্নীতি মামলার অভিযোগ কতটুকু বস্তুনিষ্ঠ, তা আমি জানি না। জেলে যাওয়ার পর নির্দোষ হিসেবে ছাড়া পেলে বিষয়টি কোনোভাবে সরকার বা রাষ্ট্রের পক্ষে যাবে না। এটি হলে নিজামী নিজের পক্ষে সাফাই গাইবার সুযোগ পাবেন।"
অন্যদিকে, সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতির সঙ্গে গণহত্যার মতো গুরুতর অপরাধকে এক করে দেখা ঠিক হবে না। ১৯৭১ সালে গণহত্যায় জড়িত নিজামীসহ তার সব সহযোগীর বিচার করতে হবে। এজন্য অবিলম্বে সরকারকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।"
ফোরামের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বলেন, "আমাদের অভিযোগ কোনো ব্যক্তি বিশেষ বা দলের বিরুদ্ধে নয়। মুক্তিযুদ্ধের সময় যারাই যুদ্ধাপরাধ করেছে তাদের সবার কৃতকর্ম জনগণের সামনে প্রকাশ করতে হবে। একইসঙ্গে বিচারের জন্য তাদের আইনের আওতায় আনতে হবে।"
ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গত ৩ এপ্রিল ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংশ্লিষ্ট ১৫৯৭ জনের যে তালিকা প্রকাশ করে তাতে শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের মধ্যে মতিউর রহমান নিজামীর নাম রয়েছে।
ডা. এম এ হাসান জানান, মুক্তিযুদ্ধের সময় নিজামী জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আলবদর বাহিনী গঠন করা হয়। মতিউর রহমান নিজামী রাজাকার বাহিনী গঠনেও জড়িত ছিলেন। ১৯৭১ সালে শান্তি কমিটি গঠনের পর ১২ এপ্রিল ঢাকায় প্রথম যে মিছিল হয় তাতে নেতৃত্ব দেন গোলাম আযম, খান এ সবুর, মতিউর রহমান নিজামী প্রমুখ।
মুক্তিযুদ্ধের সময়ে জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রামেই নিজামীর ভূমিকার বিস্তারিত তথ্য প্রকাশিত হয় জানিয়ে ডা. হাসান বলেন, "বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করেছে। এসব অভিযোগের তদন্ত হওয়ার দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৯০০ ঘ.
bdnews24