২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণের হুমকিতে ঢাকার ভূ-গর্ভস্থ পানিও

ভূ-পুষ্ঠের বিভিন্ন পানির উৎসের অতিমাত্রায় দূষণের কারণে ঢাকার ভূ-গর্ভস্থ পানির স্তরে দূষণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দূষণ রোধে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে ভূ-পৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি দূষণের কারণে ভবিষ্যতে রাজধানীতে পানি সরবরাহে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে বলেও মতামত দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

মারুফ মল্লিক স্টাফ করসপনডেন্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভূ-পুষ্ঠের বিভিন্ন পানির উৎসের অতিমাত্রায় দূষণের কারণে ঢাকার ভূ-গর্ভস্থ পানির স্তরে দূষণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দূষণ রোধে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে ভূ-পৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি দূষণের কারণে ভবিষ্যতে রাজধানীতে পানি সরবরাহে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে বলেও মতামত দিয়েছেন তারা। রাজধানীবাসীর পানি সমস্যার ব্যাপারে পরিবেশবিদ ও ভূ-তত্ত্ববিদদের মতামত এবং পানি সরবরাহ কর্তৃপক্ষের (ওয়াসা) তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মারুফ মল্লিক। ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের গবেষণায় দেখা গেছে, ট্যানারি বর্জ্য থেকে নির্গত ক্রোমিয়ামের কারণে হাজারীবাগ ও এর আশপাশের এলাকার মাটি চার মিটার গভীর পর্যন্ত দূষিত হয়েছে। এটা অব্যাহত থাকলে আগামী ৫০/৬০ বছরের মধ্যে ওইসব এলাকার ভূ-গর্ভস্থ পানি দূষিত হয়ে যাবে। এদিকে রাজধানীর রায়েরবাজার ঘাট এলাকার স্লুইস গেট দিয়ে দুর্গন্ধযুক্ত কালো পানি গিয়ে মিশছে বুড়িগঙ্গা নদীতে। ট্যানারির বিষাক্ত পানির সঙ্গে আছে গৃহস্থালী বর্জ্য। সব মিলিয়ে ভয়াবহমাত্রায় দূষিত হচ্ছে বুড়িগঙ্গার পানি। বুড়িগঙ্গা ছাড়াও অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন থেকে সৃষ্ট বর্জ্যরে কারণে দূষিত হচ্ছে ঢাকার আশপাশে বয়ে চলা তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং টঙ্গী খালের পানি। এগুলো রাজধানীবাসীর পানির মূল উৎস হিসেবে ব্যবহৃত হয়। এ দূষণের মাত্রা বেড়ে চলায় রাজধানীতে পানি সরবরাহের বিষয়টি ক্রমেই জটিল আকার নিচ্ছে। আশপাশের নদী ও খালের দূষিত পানি রাজধানীবাসীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের পরিচালক এ টি এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ত্রি-মাত্রিক মডেলিং এ দেখা গেছে গুলশান লেকের তলদেশের মাটির স্তর ক্ষয় হয়ে গেছে। এর বিপদ হচ্ছে এ লেকের পানি দূষিত হলে তা সরাসরি ভূ-গর্ভস্থ পানির মূল স্তরে (অ্যাকুইফার স্তর) চলে যাবে। এতে ভূ-গর্ভস্থ পানিও দূষিত হয়ে যাবে।" তিনি বলেন, "বেগুনবাড়ি খাল, টঙ্গি খাল, তুরাগ নদী, বালু নদীর পানি কমবেশি দূষিত। এর মধ্যে বেগুনবাড়ি খালের অবস্থা ভয়াবহ। এ খালের পানি স্পর্শ করা যাবে না।" আসাদুজ্জামান জানান, ঢাকার আশপাশের নদী ও খাল দিয়েই ভূ-পৃষ্ঠের পানি পুনরায় ভূ-গর্ভে যায়। অন্যান্য খাল ও নদীর তলদেশের অবস্থা যদি গুলশান লেকের মতো হয় তাহলে ভূ-গর্ভস্থ পানি উচ্চমাত্রায় দূষিত হবে। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও পরিবেশবিদ ড. মুজিবুর রহমান বলেন, "দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে যে কোন মুহূর্তে দুর্যোগ দেখা দিতে পারে। বুড়িগঙ্গার পানি এখন কোনও কাজেই ব্যবহার করা যাবে না। বুড়িগঙ্গা 'ইকোলজিক্যালি ডেড' নদী। এখানে কোন জলজ উদ্ভিদ, মাছ বা প্রাণী নেই বললেই চলে। এ নদীকে পুনরুদ্ধার করা কঠিন ও ব্যয় সাপেক্ষ।" "অপরদিকে রাজধানীর বর্জ্য বালু নদী হয়ে শীতলক্ষ্যায় মিশছে। এছাড়া আশপাশের এলাকার শিল্প বর্জ্য থেকেও শীতলক্ষ্যা দূষিত হচ্ছে। ডিএনডি বাঁধ এলাকায় নিষ্কাশন খালের মাধ্যমেও ওই এলাকার বর্জ্য এ নদীতে যাচ্ছে। শীতলক্ষ্যাকে রক্ষা করা না গেলে ঢাকায় সুপেয় পানি সরবরাহে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। এখনই উদ্যোগ না নিলে শীতলক্ষ্যার পানি ভবিষ্যতে শোধন করে পানের জন্য সরবরাহ করা যাবে না।" তিনি জানান, সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য শীতলক্ষ্যা থেকে পানি সংগ্রহ করা হয়। শুকনো মৌসুমে এ নদীর পানি এত দূষিত হয়, যে এটিকে 'ওয়েস্ট ওয়াটার'এর সঙ্গে তুলনা করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীর ভূ-পৃষ্ঠের পানি অনেক বেশি মাত্রায় দূষিত হচ্ছে। আর অ্যাকুইফার স্তরের সঙ্গে ভূ-পৃষ্ঠের পানি সরাসরি মিশে গেলে ভূ-গর্ভস্থ পানি দূষিত হবে। এ কারণে রাজধানীর ভূ-গর্ভস্থ পানির স্তর হুমকির মধ্যে রয়েছে।" ওয়াসার হিসাবে, নগরীর চাহিদার ৮৫ ভাগ পানি ভূ-গর্ভ থেকে উত্তোলন করা হয়। বাকী অংশ নদীর পানি শোধনের মাধ্যমে সরবরাহ করা হয়। বর্তমানে চারশ' গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করা হচ্ছে। অতিরিক্ত পানি উত্তোলনের কারণে প্রতি বছর পানির স্তর তিন মিটার করে নিচে নেমে যাচ্ছে, যা পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএ/১৮০৭ ঘ.